উত্তরাঞ্চলের জন্য আলাদা মাদরাসা শিক্ষা বোর্ড দরকার : ভিসি ড. হাছানাত আলী

Printed Edition

বগুড়া অফিস

নওগাঁ বিশ^বিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মোহা: হাছানাত আলী বলেছেন, বিগত ১৭ বছর তৎকালীন সরকার মাদরাসা শিক্ষাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। মাদরাসা শিক্ষা ছিল তাদের আমলে অবহেলিত। সেই সাথে মাদরাসা শিক্ষক ও শিক্ষার্থীরা নানাভাবে হয়রানি ও নির্যাতনের শিকার হয়েছেন। বর্তমান সরকার মাদরাসা শিক্ষাকে যুগোপযোগী করতে কাজ করছে। তিনি বলেন, উত্তরাঞ্চলের জন্য বগুড়ায় একটি আলাদা মাদরাসা শিক্ষা বোর্ড দরকার। যদি আলাদা বোর্ড নাও হয় তবুও যেন বগুড়ায় একটি কেন্দ্র স্থাপন করা হয় । কারণ সারা দেশের মাদরাসা শিক্ষক ও শিক্ষার্থীরা ঢাকায় মাদরাসা বোর্ডে গিয়ে নানাভাবে হয়রানি ও অপমানের শিকার হন। তিনি রোববার বিকেলে বগুড়ার টিএমএসএস মহিলা মার্কেট মিলনায়তনে ইসলামী আরবি বিশ^বিদ্যালয়ের (ইআরবি) কামিল (স্নাতকোত্তর ) শিক্ষা, প্রশিক্ষণ ও গবষণা কেন্দ্র আয়োজিত বগুড়া জেলার ফাজিল ও কামিল মাদরাসার অধ্যক্ষ, উপাধ্যক্ষ ও গভর্নিং বডির সদস্যদের অংশগ্রহনে অনুষ্ঠিত মাদরাসায় উচ্চ শিক্ষা : সম্ভাবনা ও চ্যালেঞ্জ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।