ব্রাহ্মণবাড়িয়ায় চিকিৎসক নিহত

মাদারীপুরে আহত ১৫

Printed Edition

নয়া দিগন্ত ডেস্ক

সড়ক দুর্ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ায় একজন চিকিৎসক নিহত ও মাদারীপুরে ১৫ জন আহত হয়েছেন।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি জানান, ব্রাহ্মণবাড়িয়া শহরে রাস্তা পার হওয়ার সময় ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় বিজয় বর্মন (৩৩) নামে এক ওষুধ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে শহরের কাউতলী স্টেডিয়ামের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত বিজয় বর্মন পৌর শহরের গোকর্ণঘাট এলাকার বর্মনপাড়ার বাসিন্দা ও হিমাংশ বর্মনের ছেলে। প্রায় আড়াই বছর আগে তিনি বিয়ে করেন। তার দেড় বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে।

হাসপাতাল ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাতে কাউতলী স্টেডিয়ামের সামনে রাস্তা পার হওয়ার সময় শহরমুখী একটি ব্যাটারিচালিত অটোরিকশা তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হয়ে সড়কে পড়ে যান। দুর্ঘটনার পর স্টেডিয়াম মার্কেটের নাইটগার্ড ফেরদৌস মিয়া ও অটোরিকশার এক যাত্রী সুবজ মিয়া দ্রুত তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে চিকিৎসা দেন এবং ইসিজি পরীক্ষা শেষে রাত ১২টার দিকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা: এহসান হাবিব জানান, মাথায় গুরুতর আঘাতজনিত কারণে মস্তিষ্কে রক্তক্ষরণ হয়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে।

নিহতের বড় ভাই সঞ্চয় বর্মন জানান, তিনি ও তার ভাই গোকর্ণঘাট বাজারে ‘বিজয় মেডিক্যাল ফার্মেসি’ নামে একটি ওষুধের দোকান যৌথভাবে পরিচালনা করতেন। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে দোকান বন্ধ করে বিজয় শহরে যান। পরে রাতে পুলিশের ফোন পেয়ে হাসপাতালে এসে তিনি জানতে পারেন, সড়ক দুর্ঘটনায় তার ভাই মারা গেছেন।

মাদারীপুর প্রতিনিধি জানান, ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরে যাত্রীবাহী দু’টি বাসের মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ১৫ জন। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। শুক্রবার সকাল ৯টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের কালকিনি উপজেলার গোপালপুরে এ ঘটনা ঘটে।

জানা যায়, সকালে বরিশাল থেকে রাজধানী ঢাকার উদ্দেশে ছেড়ে আসে ইয়েস পরিবহনের একটি যাত্রীবাহী বাস। মাঝপথে কালকিনি উপজেলার গোপালপুরে আসলে বিপরীত দিক থেকে আসা অপর একটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আহত হন অন্তত ১৫ জন। দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করে চিকিৎসক।