রাজবাড়ী প্রতিনিধি
রাশিয়ার আমুর অঞ্চলে একটি নির্মাণাধীন গ্যাস কেমিক্যাল প্রকল্পে ভয়াবহ বিস্ফোরণে আহত রাজবাড়ীর পাংশা উপজেলার প্রবাসী শ্রমিক আব্দুল কুদ্দুস চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
তার মৃত্যুর খবরে পাংশার বাড়িতে নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো এলাকার পরিবেশ। নিহত আব্দুল কুদ্দুস রাজবাড়ীর পাংশা উপজেলার যশাই ইউনিয়নের ধোঁপাকেল্লা গ্রামের মৃত মোমিন মোল্লার ছেলে।
জানা গেছে, জীবিকার তাগিদে প্রায় দেড় বছর আগে রাশিয়ায় পাড়ি জমান আব্দুল কুদ্দুস। সেখানে তিনি সিনোপেক প্ল্যান্ট নামের একটি প্রতিষ্ঠানে কাজ করছিলেন। পিতৃহীন কুদ্দুসের ছোটবেলা থেকেই অভাব-অনটনের মধ্য দিয়ে জীবন কেটেছে। পরিবারের মুখে হাসি ফোটানো এবং একটু ভালো থাকার আশায় তিনি প্রবাসে পাড়ি জমিয়েছিলেন। কিন্তু সে স্বপ্ন আর পূরণ হলো না।
গত ২৫ আগস্ট গ্যাস কেমিক্যাল প্রকল্পে পাইপলাইনের প্রাথমিক গ্যাস সরবরাহ পরীক্ষা চলাকালে একটি সংযোগস্থলে পাইপ ফেটে মুহূর্তের মধ্যেই সেটি ভয়াবহ বিস্ফোরণে রূপ নেয়। এ ঘটনায় অন্তত ৩৫ জন বাংলাদেশী শ্রমিক আহত হওয়ার খবর পাওয়া যায়।



