ফার্স নিউজ
ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে ‘বিষধর সাপ’ (ভাইপার) হিসেবে আখ্যায়িত করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাকচি। যুক্তরাষ্ট্রকে কৌশলগত প্রতারণার মাধ্যমে ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়ানোর পেছনে নেতানিয়াহুর ভূমিকা ও কৌশলের তীব্র সমালোচনা করে তিনি এই মন্তব্য করেন।
গতকাল সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় আব্বাস আরাকচি জানান, নেতানিয়াহু হিব্রু ভাষায় কথা বলার সময় অত্যন্ত গর্বের সাথে দাবি করেন যে, তিনি মার্কিন প্রশাসনকে বিভ্রান্ত করে তাদের ইসরাইলের স্বার্থে ইরানের মুখোমুখি দাঁড় করিয়েছেন। আরাকচি আরও উল্লেখ করেন, মার্কিন টেলিভিশন চ্যানেলগুলোতে প্রায় এক হাজার ঘণ্টা উপস্থিতির মাধ্যমে আমেরিকান জনমত ও নীতিনির্ধারকদের কিভাবে প্রভাবিত করেছেন, তা নিয়ে নেতানিয়াহু প্রকাশ্যে বিদ্রƒপ ও অহঙ্কার প্রকাশ করেন। অথচ ঠিক তার বিপরীতে ইংরেজিতে বক্তব্য দেয়ার সময় তিনি নিজেকে বিশ্বস্ত মিত্র দাবি করে মার্কিন প্রেসিডেন্টের প্রশংসায় পঞ্চমুখ হন। নেতানিয়াহুর এই দ্বিমুখী ও ছলনাময় আচরণকে মনস্তাত্ত্বিক পরিভাষায় ‘বিষধর সাপ’-এর সাথে তুলনা করেন তিনি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, এমন ব্যক্তিবর্গ কৃত্রিম আবেগ প্রদর্শন করে সবাইকে সন্তুষ্ট করার ভান করেন এবং শ্রোতারা যা শুনতে চান ঠিক তা-ই বলেন।



