শার্শায় দুই শিশুকে হত্যার পর বাবার আত্মহত্যা

Printed Edition

শার্শা (যশোর) সংবাদদাতা

যশোরের শার্শা উপজেলায় দুই শিশুসন্তানকে গলায় ফাঁস দিয়ে হত্যার পর বাবা কামাল উদ্দীন আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। মঙ্গলবার দুপুরের দিকে শার্শা থানার চটকাপোতা দক্ষিণপাড়া গ্রামের মৃত নেদন আলীর ছেলে কামাল হোসেনের (৪৫) বসতবাড়িতে এ ঘটনা ঘটে। প্রাথমিক তথ্য অনুযায়ী, কামাল হোসেনের একাধিক স্ত্রীর ঘরে মোট সাতজন সন্তান রয়েছে। এর মধ্যে তার আগের দুই স্ত্রীর সাথে আগেই বিচ্ছেদ হয়েছে। সর্বশেষ তৃতীয় স্ত্রীও নির্যাতন সহ্য করতে না পেরে প্রায় এক সপ্তাহ আগে দুই সন্তানকে রেখে নড়াইলে তার বাবার বাড়িতে চলে যান। পরে তৃতীয় স্ত্রীর ঘরের দুই শিশু সাবির (৫) ও জাবিরকে (২) গলায় ফাঁস দিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা যায়। এরপর কামাল হোসেন নিজেও বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন করে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিক তথ্য রয়েছে।