শেফিল্ড ডকফেস্টে বাংলাদেশের চার প্রামাণ্যচিত্র নির্মাতা

Printed Edition
শেফিল্ড ডকফেস্টে বাংলাদেশের চার প্রামাণ্যচিত্র নির্মাতা
শেফিল্ড ডকফেস্টে বাংলাদেশের চার প্রামাণ্যচিত্র নির্মাতা

বিনোদন ডেস্ক

যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী ‘শেফিল্ড ডকফেস্ট’-এ অংশ নিচ্ছে বাংলাদেশের চার প্রামাণ্যচিত্র নির্মাতার একটি প্রতিনিধি দল। আগামী ১০ থেকে ১৫ জুন অনুষ্ঠিত হতে যাওয়া এই আন্তর্জাতিক উৎসবের ৩৩তম আসরে যোগ দিতে তারা ঢাকা ও লন্ডন থেকে সেখানে পৌঁছাবেন। বাংলাদেশ ছাড়াও এবার ফিলিস্তিন, কানাডা, চিলি, ভারত, নেদারল্যান্ডস ও বেলজিয়ামসহ মোট ১০টি দেশের প্রতিনিধি দল এতে অংশ নিচ্ছে। ঢাকা ডকল্যাবের উদ্যোগে এবং শেফিল্ড ডকফেস্ট কর্তৃপক্ষের সহযোগিতায় এই প্রতিনিধিদলটি গঠিত হয়েছে, যেখানে আর্থিক সহায়তা দিচ্ছে ব্রিটিশ কাউন্সিল। উৎসবের অংশ হিসেবে আগামী ১৩ জুন ‘নিউ স্টোরিজ, ইমার্জিং অথরস : শোকেস অব ওয়ার্ক ইন প্রগ্রেস ফ্রম বাংলাদেশ’ শীর্ষক একটি পিচিং সেশনে অংশ নেবেন বাংলাদেশের নির্মাতারা। সেখানে তারা বিশ্বমানের প্রযোজক, পরিবেশক ও সেলস এজেন্টদের সামনে নিজেদের চলমান প্রামাণ্যচিত্র প্রকল্পগুলো উপস্থাপন করবেন এবং বিভিন্ন নেটওয়ার্কিং আয়োজনে অংশ নেবেন। বাংলাদেশী এই প্রতিনিধি দলে রয়েছেন নির্মাতা ও প্রযোজক তায়রান রাজ্জাক, পিপলু আর খান, কাজী আরেফিন আহমেদ এবং মকবুল চৌধুরী। এদের মধ্যে মকবুল চৌধুরী যুক্তরাজ্যপ্রবাসী এবং বাকি তিনজন ঢাকা থেকে গিয়ে উৎসবে যোগ দেবেন।