রাজশাহীতে সাংবাদিকদের ৩ দিনের এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ শুরু

Printed Edition

রাজশাহী ব্যুরো

প্রযুক্তিনির্ভর আধুনিক সাংবাদিকতার চ্যালেঞ্জ মোকাবেলা, ভুয়া তথ্য শনাক্তকরণ এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারে সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে রাজশাহীতে তিন দিনব্যাপী ‘এআই ও ফ্যাক্ট চেকিং’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। গতকাল সকালে সমাজসেবা অধিদফতরের রাজশাহীর সভাকক্ষে প্রধান অতিথি হিসেবে কর্মশালাযর উদ্বোধন করেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক মো: মাহফুজুর রহমান রিটন। রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) তত্ত্বাবধানে এ প্রশিক্ষণের আয়োজন করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি), চলবে আগামী ১৭ জুলাই পর্যন্ত। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুহাম্মদ আবদুল আউয়াল। আরইউজের সাধারণ সম্পাদক ডালিম হোসেন শান্তর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন পিআইবির প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন। বিশেষ অতিথির বক্তব্য দেন বিএফইউজের সহকারী মহাসচিব ড. সাদিকুল ইসলাম স্বপন।

কর্মশালায় জানানো হয়, রাজশাহী জেলার সাংবাদিকদের এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ে প্রয়োজনীয় জ্ঞান ও ব্যবহারিক দক্ষতা অর্জনের সুযোগ করে দেয়াই এ প্রশিক্ষণের মূল উদ্দেশ্য। একই সাথে সমসাময়িক প্রেক্ষাপটে এআই ব্যবহারের সুযোগ, সীমাবদ্ধতা ও চ্যালেঞ্জ চিহ্নিত করে সেগুলো মোকাবেলার উপায় নিয়েও বিস্তারিত আলোচনা করা হবে।