স্কালোনির শুরুর একাদশ রহস্যঘেরা

Printed Edition
দুই সতীর্থের সাথে আগামীকালের ম্যাচ নিয়ে ছক কষছেন হালের সেনসেশন লিওনেল মেসি	: ইন্টারনেট
দুই সতীর্থের সাথে আগামীকালের ম্যাচ নিয়ে ছক কষছেন হালের সেনসেশন লিওনেল মেসি : ইন্টারনেট

ক্রীড়া ডেস্ক

কানসাস সিটিতে আলজেরিয়ার বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচ আর্জেন্টিনার। ‘জে’ গ্রুপে এই ম্যাচে কাল সকাল ৭টায় মাঠে নামবে দুই দল। এর আগে শেষ অনুশীলন সেশন সেরে ফেলল আলবিসেলেস্তেরা। শুরুর একাদশে জাতীয় দলের কোচ লিওনেল স্কালোনি কিছু নাম নিশ্চিত করেছেন বলেও মনে হচ্ছে। তবে কোন দল মাঠে নামাবেন, তার কোনো ইঙ্গিত এখনো দেননি কোচ। বিশেষ করে রক্ষণ ঘিরে রয়েছে অনিশ্চয়তা। সেটা কাটাতেই শেষ অনুশীলন সেশনে দু’টি ভিন্ন লাইনআপ যাচাই করলেন স্কালোনি।

স্কালোনির শিষ্যরা কানসাসের ‘কমপাস মিনারেলস ন্যাশনাল পারফরম্যান্স সেন্টারে’ নিজেদের বিশ্বকাপ প্রস্তুতি সেরেছেন। দলের সবাই স্কোয়াডের চূড়ান্ত ম্যাচ-প্রস্তুতির অংশ হিসেবে ট্যাকটিক্যাল ও ফিজিক্যাল ট্রেনিংয়ে ঘাম ঝরাচ্ছেন। তবে রহস্যঘেরা ছিল প্র্যাকটিস শেষ সেশন। প্র্যাকটিসে স্কালোনি প্রথমে নামান চারজনের ব্যাকলাইন। পরে তিনজন সেন্টার ব্যাকের সাথে দুই অ্যাটাকিং উইং ব্যাক। গত শনিবার ট্রেনিং সেশনে, স্কালোনি দু’টি ফরমেশন পরীক্ষা করেন। প্রথমটি ছিল ৪-৪-২, যেখানে রক্ষণে ছিলেন গঞ্জালো মন্টিয়েল, ক্রিশ্চিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দিও লিসান্দ্রো মার্টিনেজ। পরে লেফট ব্যাক হিসেবে আসেন ফাকুন্দো মেদিনা।

প্রতিপক্ষের ইতিহাস ও বৈশিষ্ট্য বিবেচনায় বিশ্বকাপের শুরুতে সম্ভবত এই ট্যাকটিকাল ফরমেশন ব্যবহার করবে আর্জেন্টিনা। যদিও খেলোয়াড়দের নাম এখনো অজানা। ট্রায়ালের বাইরে রাইট ব্যাক হিসেবে শুরুর একাদশে নাহুয়েল মলিনার থাকা উড়িয়ে দেয়া যাচ্ছে না। রহস্যঘেরা ছিল সেন্ট্রাল ডিফেন্সিভ জুটিও। দু’টি জায়গার জন্য তিনজনের নাম উঠে আসছে, অবশ্য তিনজনেরই খেলার সম্ভাবনা আছে। লেফট ব্যাক হিসেবে লিসান্দ্রো, যেখানে আর্জেন্টিনার জার্সিতে প্রায় সময় দায়িত্ব পালন করেছেন। উল্লেখ্য, বাঁ পায়ের কাফ ইনজুরির কারণে নিকোলাস তাগলিয়াফিকো অন্তত আলজেরিয়ার বিপক্ষে খেলতে পারবেন না।

স্কালোনির আরেক ফরমেশন ছিল ৩-৫-২, দু’টি অ্যাটাকিং উইং ব্যাক: জিউলিয়ানো সিমিওনে ডানে, বামে নিকোলাস গঞ্জালেস। রোমেরো খেলেছেন রাইট স্টপার হিসেবে, ওতামেন্দি সুইপার এবং লিসান্দ্রো লেফট স্টপার। ম্যাচের বিশেষ মুহূর্তে সাধারণত এই ফরমেশনে খেলান স্কালোনি। কিন্তু শুরু থেকে এই ফরমেশন খেলানোর সম্ভাবনা কম, আর দুই প্রান্তে দুই জন আক্রমণাত্মক খেলোয়াড় থাকলে তো সেই সম্ভাবনা একদম শূন্য।

মিডফিল্ড থেকে ফরোয়ার্ডের ছবি মোটামুটি স্পষ্ট। এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার ও রদ্রিগো দে পল মাঝমাঠ সামলাবেন। ফরোয়ার্ড লাইনে লিওনেল মেসির সাথে লাউতারো মার্টিনেজ। অধিনায়ক মেসি পুরোপুরি সুস্থ হয়ে দলের সাথে নিবিড় প্র্যাকটিস সেশনও সম্পন্ন করেছেন। এ ছাড়া অনুশীলনে ফিরেছেন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজও। দীর্ঘ বিমানযাত্রার ধকল এবং হ্যামস্ট্রিংয়ের অস্বস্তি কাটিয়ে মেসি এখন সম্পূর্ণ ফিট। তবে বাঁ পায়ের গোড়ালির লিগামেন্ট ইনজুরির কারণে আগের দু’টি প্রীতিম্যাচে না থাকা কিছুটা অপেক্ষা করতে হবে হুলিয়ান আলভারেজকে। বাকি জায়গার জন্য জিউলিয়ানো সিমিওনের চেয়ে বেশ সুবিধাজনক অবস্থানে থিয়াগো আলমাদা।

বিশ্বকাপ ফুটবলের বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার শিরোপা ধরে রাখার মিশন। ফিফা র‌্যাংকিংয়ের ২৭ নম্বরে থাকা আফ্রিকানদের বিপক্ষে ‘জে’ গ্রুপে খেলবে বাংলাদেশ সময় কাল ৭টায় কানসাস সিটি স্টেডিয়ামে মুখোমুখি হবে তারা। স্বাভাবিকভাবে দুই দলের হেড টু হেড নিয়ে কৌতূহল রয়েছে। আর্জেন্টিনা ও আলজেরিয়ার মধ্যে খুব বেশি দেখা হয়নি। এটি হবে এই দুই দলের মধ্যে দ্বিতীয়বারের মতো দেখা। এর আগে ২০০৭ সালের ৫ জুন আলফিও বাসিলে আফ্রিকার দেশটিকে হাড্ডাহাড্ডি লড়াইয়ে ৪-৩ ব্যবধানে হারিয়েছিল আর্জেন্টিনা। ১৯ বছর আগের সেই লড়াকু হার এই ম্যাচের আগে নিশ্চয় অনুপ্রেরণা দেবে আলজেরিয়াকে।