প্রধানমন্ত্রীর নিউ ইয়র্ক সফর ঘিরে আ’লীগ বিএনপির পাল্টাপাল্টি প্রস্তুতি

Printed Edition

বিশেষ সংবাদদাতা

প্রধানমন্ত্রী তারেক রহমানের আগামী সেপ্টেম্বরের নিউ ইয়র্ক সফরকে কেন্দ্র করে পাল্টাপাল্টি কর্মসূচির প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীরা। রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা এরই মধ্যে একাধিক বিক্ষোভ ও অবস্থান কর্মসূচির জন্য পুলিশি অনুমতি নিয়েছেন বলে জানিয়েছেন বিএনপির নেতারা। অন্য দিকে বিএনপিও বিমানবন্দর, সম্ভাব্য হোটেল ও সংবর্ধনা অনুষ্ঠান ঘিরে কর্মসূচির প্রস্তুতি নিচ্ছে। এর মধ্যে নিউ ইয়র্কে অবস্থানরত পলাতক আওয়ামী লীগ নেতা শামীম ওসমান দলীয় নেতাকর্মীদের সাথে একাধিক বৈঠক করছেন। কুইন্সে এক মতবিনিময় সভায় তিনি প্রধানমন্ত্রীর সফর ঘিরে আওয়ামী লীগের কর্মসূচিকে ‘খেলা নয়, সরাসরি যুদ্ধ’ হিসেবে উল্লেখ করেন বলে ঠিকানা টিভির প্রতিবেদনে জানানো হয়েছে। আগামী ২১ সেপ্টেম্বর জাতিসঙ্ঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে তারেক রহমানের নিউ ইয়র্ক যাওয়ার কথা রয়েছে। পরে ২৫ সেপ্টেম্বর প্রবাসী বাংলাদেশীদের একটি অনুষ্ঠানে তার যোগ দেয়ার কথা।

শামীম ওসমান নিউ ইয়র্কে পৌঁছানোর পর দলীয় নেতাকর্মীদের সাথে বৈঠক ও মতবিনিময় করছেন। বিএনপি নেতাদের দাবি, আওয়ামী লীগ দলীয় পরিচয়ের পরিবর্তে মানবাধিকার ও সংখ্যালঘু সংগঠনসহ বিভিন্ন ব্যানারে বিক্ষোভ ও সমাবেশের অনুমতি নিয়েছে।

নিউ ইয়র্ক বিএনপির নেতা শেখ জামান বলেন, আওয়ামী লীগ প্রধানমন্ত্রীর সফর ঘিরে ১১টি পারমিট নিয়েছে। এর মধ্যে সম্ভাব্য হোটেলগুলোর সামনে অবস্থান কর্মসূচির অনুমতিও রয়েছে। বিএনপির দাবি, আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রধানমন্ত্রীর সম্ভাব্য অবস্থানস্থল হিসেবে গ্র্যান্ড হায়াত হোটেলকে বিবেচনা করছেন।

শেখ জামান আরো বলেন, আগামী ২৫ সেপ্টেম্বর প্রবাসী বাংলাদেশীদের অনুষ্ঠানে তারেক রহমানের অংশগ্রহণ ঘিরে অবস্থান কর্মসূচি এবং এর আগের দিন অনুষ্ঠানস্থলের আশপাশে গণসংযোগের জন্যও আওয়ামী লীগ অনুমতি নিয়েছে। তার দাবি, বাফেলোতে আওয়ামী লীগ ১৫ আগস্ট উপলক্ষে পাঁচটি গরু জবাই করে কর্মসূচি পালন করেছে।

অন্য দিকে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য গিয়াস আহমেদ বলেন, তারেক রহমানের সফরকে কেন্দ্র করে বিএনপি ব্যাপক কর্মসূচি নিয়েছে। বিমানবন্দর, হোটেল ও সংবর্ধনা অনুষ্ঠান ঘিরে ২৪ ঘণ্টাব্যাপী বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের প্রস্তুতি রয়েছে বলে জানান তিনি।

তবে নিউ ইয়র্ক বিএনপির নেতা শেখ জামান ও মতিউর রহমান লিটু দলীয় প্রস্তুতির সমন্বয় নিয়ে প্রশ্ন তুলেছেন। তাদের মতে, দীর্ঘদিন যুক্তরাষ্ট্র বিএনপির কমিটি না থাকায় সাংগঠনিক দুর্বলতা ও সমন্বয়হীনতা রয়েছে। গত বছরের কিছু অপ্রীতিকর ঘটনার অভিজ্ঞতা থেকে এবার নিরাপত্তার বিষয়েও গুরুত্ব দেয়ার কথা বলেন তারা। মতিউর রহমান লিটু শামীম ওসমানের বক্তব্যকে উসকানিমূলক হিসেবে উল্লেখ করেন। তিনি বিএনপির কর্মসূচির সমন্বয় আরো জোরদারের প্রয়োজনীয়তার কথাও বলেন।

এ দিকে কুইন্সে দলীয় নেতাকর্মীদের সাথে বৈঠকের পর শামীম ওসমান বলেন, শেখ হাসিনা ডিসেম্বরে নেতাকর্মীদের সাথে নিয়ে দেশে ফেরার অঙ্গীকার করেছেন। তার ভাষ্য, শেখ হাসিনা যে পরিকল্পনার কথা বলেন, তা বাস্তবায়ন করেন। তার সাথে সন্তানও দেশে ফিরবেন বলে মন্তব্য করেন তিনি।