রাষ্ট্রপতির শপথ ইস্যুতে ৭ অ্যামিকাস কিউরি নিয়োগ

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

রাষ্ট্রপতির শপথগ্রহণে স্পিকারের ভূমিকা সংক্রান্ত পঞ্চদশ সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট মামলায় হাইকোর্ট সাতজন অ্যামিকাস কিউরি (আদালতের বন্ধু) নিয়োগ দিয়েছেন। সেই সাথে মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ২৬ অক্টোবর দিন ধার্য করা হয়েছে।

বিচারপতি শশাঙ্ক শেখর সরকার ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ারের হাইকোর্ট বেঞ্চ গতকাল বৃহস্পতিবার এই আদেশ দেন।

নিযুক্ত অ্যামিকাস কিউরিরা হলেন: জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন, অ্যাডভোকেট প্রবীর নিয়োগী, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, ড. শাহদীন মালিক, অ্যাডভোকেট আহসানুুুল করিম, ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান এবং ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া।

মামলার শুনানিতে রাষ্ট্রপতির শপথ কে পড়াবেন স্পিকার না প্রধান বিচারপতি এই প্রশ্নে আদালত তাদের মতামত নেবেন।

রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার ওমর ফারুক। তিনি বলেন, ১৯৭২ সালের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতিকে প্রধান বিচারপতি শপথ পাঠ করান। তবে ২০১১ সালে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে এই দায়িত্ব স্পিকারের হাতে দেয়া হয়, যা সংবিধানের মূল কাঠামোর পরিপন্থী।

গীতিকবি শহীদুল্লাহ ফরায়জী গত ১০ মার্চ এই রিটটি দায়ের করেন। রিটে তিনি রাষ্ট্রপতির শপথগ্রহণ সংক্রান্ত মূল সংবিধানের বিধান পুনর্বহালের নির্দেশনা চান। ১১ মার্চ প্রাথমিক শুনানি শেষে হাইকোর্ট রুল জারি করেন।

রুলে প্রশ্ন তোলা হয়, ১৯৭২ সালের সংবিধানে রাষ্ট্রপতিকে প্রধান বিচারপতি শপথ পড়াবেন এই বিধান বাদ দিয়ে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে স্পিকারের শপথ পড়ানো কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না এবং সংশোধনীর সংশ্লিষ্ট অংশ কেন বাতিল (শুরু থেকেই অকার্যকর) ঘোষণা করা হবে না।

রুলের জবাব দিতে বলা হয়েছে আইনসচিব, মন্ত্রিপরিষদ সচিব এবং সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলকে।