মেটার এআই প্রকল্পের অগ্রগতি প্রত্যাশা অনুযায়ী হয়নি - মার্ক জাকারবার্গ

Printed Edition
মেটার এআই প্রকল্পের অগ্রগতি  প্রত্যাশা অনুযায়ী হয়নি - মার্ক জাকারবার্গ
মেটার এআই প্রকল্পের অগ্রগতি প্রত্যাশা অনুযায়ী হয়নি - মার্ক জাকারবার্গ

আহমেদ ইফতেখার

মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক জাকারবার্গ স্বীকার করেছেন, প্রায় আট হাজার কর্মী ছাঁটাই ও কর্মীদের দায়িত্ব পরিবর্তনের কয়েক মাস পরও কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর (এআই) প্রকল্পের অগ্রগতি নিজেদের প্রত্যাশা অনুযায়ী হয়নি। মেটার এআই এজেন্ট প্রযুক্তির উন্নয়নের কাজ ধারণার চেয়ে ধীরগতিতে এগিয়েছে। এর ফলে গত কয়েক মাসে এআই এজেন্ট প্রযুক্তির অগ্রগতি প্রত্যাশা অনুযায়ী হয়নি। অন্তত গত চার মাসে এআই এজেন্টের উন্নয়ন যে গতিতে এগোবে বলে আশা করা হয়েছিল, বাস্তবে তা হয়নি। ফলে এআই এজেন্টভিত্তিক উদ্যোগগুলো এখনো প্রত্যাশিত ফল দিতে পারেনি। তবে পরিস্থিতি নিয়ে আশাবাদী জাকারবার্গ। তার আশা, আগামী তিন থেকে ছয় মাসের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তায় মেটার বিপুল বিনিয়োগের সুফল আরও স্পষ্টভাবে দৃশ্যমান হবে।

চলতি বছরের শুরুতে মেটা বড় ধরনের পুনর্গঠনের ঘোষণা দেয়। এর অংশ হিসেবে প্রায় আট হাজার কর্মী, অর্থাৎ প্রতিষ্ঠানের বৈশ্বিক কর্মীর প্রায় ১০ শতাংশকে ছাঁটাই করা হয়। একই সাথে সাত হাজার কর্মীকে কৃত্রিম বুদ্ধিমত্তাসংশ্লিষ্ট বিভিন্ন দলে নিয়োগ করা হয়। এআই অবকাঠামোয় বিপুল বিনিয়োগের জন্য প্রয়োজনীয় অর্থের সংস্থান করতেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছিল। ২০২৬ সালে এ খাতে মেটার বিনিয়োগের পরিমাণ ১৪ হাজার ৫০০ কোটি মার্কিন ডলারে পৌঁছাতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে কর্মী ছাঁটাই ও পুনর্গঠনের এ সিদ্ধান্ত প্রতিষ্ঠানটির ভেতরে অসন্তোষ তৈরি করেছে এবং কর্মীদের মনোবলেও প্রভাব ফেলেছে।

কর্মীদের কম্পিউটারে বিতর্কিত মাউস ট্র্যাকিং সফটওয়্যার ব্যবহারের বিষয়ে মেটার প্রধান প্রযুক্তি কর্মকর্তা অ্যান্ড্রু বসওয়ার্থ জানিয়েছেন, অভ্যন্তরীণ পর্যালোচনায় এমন কোনো তথ্য পাওয়া যায়নি, যা থেকে বোঝা যায় কর্মীদের ব্যক্তিগত তথ্য এআই মডেলের প্রশিক্ষণে ব্যবহার করা হয়েছে। তবে পুনরায় সফটওয়্যারটি চালু করা হলে তা ব্যবহারকারী চাইলে বন্ধ রাখতে পারবেন।

পরিস্থিতি সামাল দিতে কর্মীদের সাথে যোগাযোগ বাড়ানোর পাশাপাশি পেশাগত উন্নয়নের সুযোগ তৈরি এবং কাজের পরিবেশ আরো উন্নত করার উদ্যোগ নিয়েছে মেটা। কর্মীদের জন্য এআইনির্ভর বিভিন্ন প্রশিক্ষণ, অফিসে অতিরিক্ত খাবারের ব্যবস্থা, ভ্রমণ বাজেট বৃদ্ধিসহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠান আয়োজনেরও পরিকল্পনা করেছে প্রতিষ্ঠানটি।

ছবি তৈরির নতুন ফিচার

ওপেনএআই ও গুগলের মতো প্রতিদ্বন্দ্বীকে টেক্কা দিতে ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপের জন্য প্রথমবারের মতো উন্নত এআই ইমেজ জেনারেশন টুল চালু করেছে মেটা। এ টুলের মাধ্যমে ব্যবহারকারীরা এখন মেটা এআই চ্যাটবট ব্যবহার করে সাধারণ লিখিত নির্দেশ বা প্রম্পট বা স্কেচের সাহায্যে সহজেই যে কোনো ছবি তৈরি ও এডিট করতে পারবেন। ‘মেটা সুপারইন্টেলিজেন্স ল্যাবস’-এর তৈরি এ জেনারেটিভ এআই ফিচারটির নাম ‘মিউজ ইমেজ’, যা মেটার নিজস্ব চ্যাটবট ‘মেটা এআই’য়ের সাথে যোগ হচ্ছে।

বিশ্বজুড়ে ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ প্রতিটি অ্যাপেরই তিনশ কোটিরও বেশি ব্যবহারকারী রয়েছে। তবে এ চমৎকার ফিচারটি প্রাথমিকভাবে নির্দিষ্ট কিছু দেশের ব্যবহারকারীরাই উপভোগ করতে পারবেন। মেটা কর্তৃপক্ষ জানিয়েছে, ‘মিউজ ইমেজ আপনার কল্পনার এক দারুণ সৃজনশীল সঙ্গী হিসেবে কাজ করবে, যার সাহায্যে আপনার মনের যে কোনো ভাবনাকে সহজেই জীবন্ত ও উচ্চ-মানের ছবিতে রূপান্তর করা যাবে। এসব ছবি ডাউনলোড করে সরাসরি নিজের ফিড, স্টোরি বা চ্যাটিংয়ে শেয়ারও করা যাবে। আপাতত সীমিত কিছু দেশে ফিচারটি চালু করা হলেও মেটা বলেছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই তা বিশ্বজুড়ে সবার জন্য চালু হবে। নতুন ফিচারটি তাদেরকে ‘পার্সোনাল সুপার ইন্টেলিজেন্স’ তৈরির দিকে আরো এক ধাপ এগিয়ে নিয়েছে।