বাকৃবি থেকে আসিফ ইকবাল
‘বিশ্বকাপের উন্মাদনায় রঙিন ক্যাম্পাসের প্রাণ, দেয়ালে ফিরে এলেন ফুটবলের দুই মহান।’
মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে পর্দা উঠেছে ফুটবল বিশ্বকাপের ২৩তম আসরের। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এই ক্রীড়া মহাযজ্ঞের উত্তাপ ছড়িয়ে পড়েছে প্রায় ১৩ হাজার কিলোমিটার দূরের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ক্যাম্পাসেও।
এবারের বিশ্বকাপ উন্মাদনায় ক্যাম্পাসের দেয়ালে ফিরে এসেছেন ফুটবল ইতিহাসের দুই অমর কিংবদন্তি পেলে ও ডিয়েগো ম্যারাডোনা। তাদের বিশালাকৃতির গ্রাফিতি যেন নতুন প্রজন্মকে মনে করিয়ে দিচ্ছে, ফুটবলের ইতিহাস কেবল বর্তমানের নয়, এটি আবেগ, স্মৃতি আর উত্তরাধিকারেরও গল্প।
বিশ্ববিদ্যালয়ের শাহজালাল হলের কমনরুমের দেয়ালে আর্জেন্টাইন কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার প্রতিকৃতি ফুটিয়ে তুলেছেন ভেটেরিনারি অনুষদের স্নাতকোত্তর শিক্ষার্থী রেজওয়ানুল হক শান্ত। একই স্থানে ব্রাজিলের ফুটবল সম্রাট পেলের গ্রাফিতি এঁকেছেন পশুপালন অনুষদের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ইমতিয়াজ ফারাবি। তারা জানান, প্রায় ১০ ফুট উচ্চতার পেলে ও ম্যারাডোনার গ্রাফিতি তৈরির কাজটি শেষ করতে প্রায় তিন দিন ও তিন রাত লেগেছে। প্রায় ১৮ ধরনের রঙ ব্যবহার করা হয়েছে।’
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মাওলানা ভাসানী হল, সোহরাওয়ার্দী হল ও ঈশা খাঁ হলের দেয়ালেও শিক্ষার্থীরা ফুটিয়ে তুলেছেন বিশ্বকাপের নানা অনুষঙ্গ। কোথাও স্থান পেয়েছে প্রিয় দলের পতাকা, কোথাও বর্তমান তারকাদের প্রতিকৃতি, আবার কোথাও ফুটে উঠেছে বিশ্বকাপ ট্রফির প্রতিচ্ছবি।



