জেমস ক্যামেরন ও নোয়া সেন্টিনিও পাচ্ছেন সিনেমা-কন সম্মাননা

Printed Edition
জেমস ক্যামেরন ও নোয়া সেন্টিনিও পাচ্ছেন সিনেমা-কন সম্মাননা
জেমস ক্যামেরন ও নোয়া সেন্টিনিও পাচ্ছেন সিনেমা-কন সম্মাননা

বিনোদন প্রতিবেদক

রুপালি পর্দার জাদুকর জেমস ক্যামেরন এবং তরুণ প্রজন্মের সেনসেশন নোয়া সেন্টিনিও’র মুকুটে যুক্ত হতে যাচ্ছে নতুন পালক। আগামী ১৬ এপ্রিল লাস ভেগাসের সিজার প্রাসাদের বিখ্যাত ‘ডলবি কলোসিয়াম’-এ আয়োজিত ‘বিগ স্ক্রিন অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডস’-এ তারা এই বিশেষ সম্মাননা গ্রহণ করবেন। সিনেমা ইউনাইটেড আয়োজিত বিশ্ব চলচ্চিত্রের অন্যতম বৃহৎ প্রদর্শক সম্মেলন ‘সিনেমা-কন’-এর সমাপ্তি ঘটবে এই জমকালো আয়োজনের মধ্য দিয়ে।

বিশ্ব চলচ্চিত্রের অন্যতম কাণ্ডারি জেমস ক্যামেরনকে প্রদান করা হচ্ছে ‘সিনেমা ইউনাইটেড স্পিরিট অফ দ্য ইন্ডাস্ট্রি’ সম্মাননা। প্রেক্ষাগৃহের অভিজ্ঞতাকে বাঁচিয়ে রাখতে তার নিরলস প্রচেষ্টার স্বীকৃতি এটি। সম্প্রতি তার ফ্র্যাঞ্চাইজি ব্লকবাস্টার ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’-এর অভাবনীয় সাফল্যের পর তিনি এখন ব্যস্ত তার নতুন প্রজেক্ট নিয়ে। গ্র্যামি-জয়ী গায়িকা বিলি আইলিশের কনসার্ট ফিল্ম ‘হিট মি হার্ড অ্যান্ড সফট : দ্য ট্যুর (লাইভ ইন থ্রি-ডি)’ আগামী ৮ মে বড় পর্দায় মুক্তি পেতে যাচ্ছে, যা ক্যামেরনের নিজস্ব থ্রি-ডি প্রযুক্তি ব্যবহার করে চিত্রায়িত হয়েছে।

অন্যদিকে, তরুণদের প্রিয় অভিনেতা নোয়া সেন্টিনিও’র ঝুলিতে যাচ্ছে ‘স্টার অফ টুমোরো’ বা আগামীর তারকা পুরস্কার। ‘টু অল দ্য বয়েজ’ খ্যাত এই অভিনেতা বর্তমানে ‘জন র‌্যাম্বো’র শুটিং শেষ করেছেন এবং সামনে তাকে দেখা যাবে প্যারামাউন্ট পিকচার্সের বহুল প্রতীক্ষিত অ্যাকশন মুভি ‘স্ট্রিট ফাইটার’-এ।

এবারের আসরে অন্যান্য বিভাগেও থাকছে বড় সব চমক। ‘কালচারাল ইমপ্যাক্ট ইন ফিল্ম’ পুরস্কার পাচ্ছেন কুইন লতিফা, যার সামনে রয়েছে ‘আইস এজ : বয়েলিং পয়েন্ট’-এর মতো বড় প্রজেক্ট। ‘স্টার অফ দ্য ইয়ার’ হিসেবে লাকিথ স্ট্যানফিল্ড এবং ‘ভ্যানগার্ড অ্যাওয়ার্ড’ জিতছেন জোই ডয়েচ। অভিনয়ে শ্রেষ্ঠত্বের জন্য ‘অ্যাওয়ার্ড অফ এক্সিলেন্স ইন অ্যাক্টিং’ পাচ্ছেন অ্যাডাম স্কট এবং নবাগত হিসেবে ‘রাইজিং স্টার অফ ২০২৬’ সম্মাননা পাচ্ছেন ক্যাথরিন লাগায়া, যিনি ডিজনির লাইভ-অ্যাকশন ‘মোয়ানা’ সিনেমা দিয়ে অভিষেকেই বিশ্বমঞ্চ কাঁপাতে প্রস্তুত।

সিনেমা ইউনাইটেডের প্রেসিডেন্ট মাইকেল ও’লেরি বলেন, বড় পর্দায় সিনেমা দেখার আনন্দ যখন সবাই মিলে উদযাপন করা হয়, তখনই আমাদের এই শিল্প পূর্ণতা পায়। এবারের অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন ‘এন্টারটেইনমেন্ট টুনাইট’-এর তারকা নিশেল টার্নার। কোকা-কোলা ও বারকোর সৌজন্যে আয়োজিত এই চার দিনব্যাপী সম্মেলনটি (১৩-১৬ এপ্রিল) সারা বিশ্বের চলচ্চিত্র প্রদর্শক ও পরিবেশকদের মিলনমেলায় পরিণত হতে যাচ্ছে।