যুক্তরাষ্ট্রে বিদেশী শিক্ষার্থীদের চাকরির ফি ১ লাখ ডলার

Printed Edition

দ্য ওয়াল স্ট্রিট জার্নাল

যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো থেকে স্নাতক সম্পন্ন করার পর দেশটিতে চাকরির সুযোগ পেতে আন্তর্জাতিক শিক্ষার্থীদের দিতে হতে পারে চড়া মাশুল। ট্রাম্প প্রশাসন এমন একটি প্রস্তাব বিবেচনা করছে, যার আওতায় বিদেশী গ্র্যাজুয়েটদের কাছ থেকে এক লাখ মার্কিন ডলার (প্রায় ১ কোটি ২০ লাখ টাকা) ফি আদায় করা হতে পারে।

খবরটি প্রকাশিত হওয়ার পর পরই প্রযুক্তি খাত ও অনলাইন অঙ্গনে জোর আলোচনা শুরু হয়েছে। অর্থনৈতিক বিশ্লেষকদের মতে, বিশ্বমানের মেধা ধরে রাখার ক্ষেত্রে এ সিদ্ধান্ত মার্কিন অর্থনীতির জন্য মারাত্মক ক্ষতিকর হতে পারে। বর্তমানে যুক্তরাষ্ট্রের শিক্ষাব্যবস্থায় ‘অপশনাল প্র্যাকটিক্যাল ট্রেনিং’ (ওপিটি) কাঠামোর অধীনে বিদেশী শিক্ষার্থীরা প্রাতিষ্ঠানিক শিক্ষা শেষে নিজস্ব ক্ষেত্রে সর্বোচ্চ তিন বছর পর্যন্ত কাজ করার অনুমতি পান। মূলত ‘এইচ-১বি’ ভিসা অনুমোদনের মধ্যবর্তী সময়ে দেশটির শীর্ষ প্রযুক্তি ও অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলো ওপিটি কাঠামোর সুযোগ নিয়েই দক্ষ আন্তর্জাতিক শিক্ষার্থীদের নিজ নিজ প্রতিষ্ঠানে নিয়োগ দিয়ে থাকে।