দোয়ারাবাজারে এইচএসসি সমমানের ৭৭ পরীক্ষার্থীর ভবিষ্যৎ নিয়ে শঙ্কা

Printed Edition

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) সংবাদদাতা

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বড়খাল বহুমুখী স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত চলমান আলিম (এইচএসসি সমমান) পরীক্ষায় প্রশ্নপত্র বিতরণে গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। নিয়মিত পরীক্ষার্থীদের জন্য নির্ধারিত প্রশ্নপত্রের পরিবর্তে ভুলবশত ই-রেগুলার প্রশ্নপত্র সরবরাহ করায় ৭৭ জন পরীক্ষার্থীর ফলাফল ও শিক্ষাজীবন নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে।

জানা যায়, গত ১৩ জুলাই অনুষ্ঠিত ইংরেজি দ্বিতীয়পত্র পরীক্ষায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা নিয়মিত পরীক্ষার্থীদের হাতে ভুলক্রমে ই-রেগুলার প্রশ্নপত্র তুলে দেন। বিষয়টি বুঝতে না পেরে শিক্ষার্থীরা ওই প্রশ্নপত্রেই পরীক্ষা সম্পন্ন করে। পরে বিষয়টি জানাজানি হলে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে।

ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীরা প্রশাসনিক ভুলের দায় তাদের ওপর না চাপিয়ে দ্রুত কার্যকর সমাধানের দাবি জানিয়েছেন। তাদের আশঙ্কা, এ ঘটনায় ফলাফল বা শিক্ষাজীবন ক্ষতিগ্রস্ত হতে পারে।

কেন্দ্র সচিব ও কালাউড়া দারুসসুন্নাত কাছিমিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা কালিম উল্লাহ অনিচ্ছাকৃত ভুলের জন্য দুঃখ প্রকাশ করে বলেন, নিয়মিত পরীক্ষার্থীদের মধ্যে ভুলবশত ই-রেগুলার প্রশ্নপত্র বিতরণ করা হয়েছে।

দায়িত্বরত পরীক্ষা নিয়ন্ত্রক আবু হেনা মোস্তফা জানান, বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) অবহিত করা হয়েছে। শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেয়া হচ্ছে।

এদিকে, শিক্ষার্থী ও অভিভাবকেরা বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের জরুরি হস্তক্ষেপ কামনা করে প্রশাসনিক ভুলের কারণে কোনো পরীক্ষার্থীর শিক্ষাজীবন যেন ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেয়ার দাবি জানিয়েছেন।