সিলেটের ১৯টি আসনে ফ্যাক্টর জেন-জি’র ১৩ লাখ ভোটার

আবদুল কাদের তাপাদার, সিলেট ব্যুরো
Printed Edition

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট বিভাগের চার জেলার ১৯টি সংসদীয় আসনে তরুণ ভোটারদের দিকে বিশেষ নজর দিচ্ছেন প্রার্থীরা। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এ বিভাগে এবার যুক্ত হয়েছেন ১৩ লাখের বেশি নতুন ভোটার। জেন-জি প্রজন্মের এই ভোটাররা অনেক আসনের ফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। পাশাপাশি নারী ভোটার ও প্রবাসী পোস্টাল ভোটারদের ভোটও জয়-পরাজয়ের বড় ফ্যাক্টর হয়ে উঠতে পারে।

ইসির সর্বশেষ তথ্য বলছে, সিলেট বিভাগের মোট ভোটারসংখ্যা এখন ৯১ লাখ ৬৮ হাজার ৬৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৪৭ লাখ ৫৪ হাজার ৯৪১ জন এবং নারী ভোটার ৪৪ লাখ ১৩ হাজার ১২৫ জন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় এই সংখ্যা ছিল ৭৮ লাখ ৫৪ হাজার ৫০৭; অর্থাৎ আগের নির্বাচনের তুলনায় ভোটার বেড়েছে ১৩ লাখ ১৩ হাজার ৫৫৯ জন। নতুন ভোটারদের বড় অংশই তরুণ, যা নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে।

চার জেলার মধ্যে সবচেয়ে বেশি ভোটার সিলেট জেলায়। এখানে মোট ভোটার ৩১ লাখ ১৩ হাজার ৩৯৬ জন। এর মধ্যে পুরুষ ১৬ লাখ ২৪ হাজার ৯৭০ জন, নারী ১৪ লাখ ৮৮ হাজার ৪০৮ জন এবং হিজড়া ভোটার রয়েছেন ১৮ জন। গত নির্বাচনের তুলনায় সিলেট জেলায় ভোটার বেড়েছে তিন লাখ ৯৮ হাজার ৬৫ জন। ভোটারের দিক থেকে দ্বিতীয় অবস্থানে থাকা সুনামগঞ্জ জেলায় মোট ভোটার ২২ লাখ ৭৪ হাজার ১০৩ জন। এ জেলায় ভোটার বেড়েছে তিন লাখ ৫১ হাজার ৯৩৪ জন।

হবিগঞ্জ জেলায় এবার ভোটার সংখ্যা ২০ লাখ সাত হাজার ৮৭৯ জন, যা আগের নির্বাচনের চেয়ে এক লাখ ৮৩ হাজার ১৩৪ জন বেশি। আর বিভাগের মধ্যে সবচেয়ে কম ভোটার মৌলভীবাজার জেলায়। এখানে মোট ভোটার ১৭ লাখ ৭২ হাজার ৬৮৮ জন। গত নির্বাচনের তুলনায় এ জেলায় ভোটার বেড়েছে ২ লাখ ৫৬ হাজার ১০০ জন।

এ দিকে সিলেট বিভাগের চার জেলায় এক লাখ তিন হাজার ১৬৭ জন প্রবাসী বাংলাদেশী ও সরকারি চাকরিজীবী পোস্টাল ব্যালটে ভোট দেয়ার জন্য নিবন্ধন করেছেন। এর মধ্যে পুরুষ ভোটার ৮৬ হাজার ৭৫১ জন এবং নারী ভোটার ১৬ হাজার ৪১৬ জন। সর্বোচ্চ নিবন্ধন হয়েছে সিলেট জেলায়, এরপর মৌলভীবাজার, সুনামগঞ্জ ও হবিগঞ্জ।

সিলেট আঞ্চলিক তথ্য অফিস সহকারী ডলি রানী সূত্রধর বলেন, এবারের নির্বাচনে তরুণ ভোটারদের প্রভাব সবচেয়ে বেশি থাকবে। তার মতে, তরুণ, নারী ও প্রবাসী ভোটারদের ভোটেই অনেক আসনের ভাগ্য নির্ধারিত হবে।