ভেনিজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানি ৪ হাজার ছাড়াল

Printed Edition
ভেনিজুয়েলায় জোড়া ভূমিকম্পের আঘাতে ধসেপড়া একটি ভবনের ধ্বংসস্তূপে ওপর অনুসন্ধান কাজ করছেন উদ্ধারকারীরা  : ইন্টারনেট
ভেনিজুয়েলায় জোড়া ভূমিকম্পের আঘাতে ধসেপড়া একটি ভবনের ধ্বংসস্তূপে ওপর অনুসন্ধান কাজ করছেন উদ্ধারকারীরা : ইন্টারনেট

এএফপি

গত মাসে ভেনিজুয়েলায় আঘাত হানা স্মরণকালের ভয়াবহ জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা চার হাজার অতিক্রম করেছে। দেশটির সরকারি সূত্র শুক্রবার এই ভয়াবহ ক্ষয়ক্ষতির তথ্য নিশ্চিত করেছে। সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দেয়া এক পোস্টে ভেনিজুয়েলার পার্লামেন্ট প্রধান হোর্হে রদ্রিগেজ জানান, গত ২৪ জুনের পরপর দু’টি ভূকম্পনে এ পর্যন্ত অন্তত চার হাজার ১১৮ জন প্রাণ হারিয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরো ১৬ হাজার ৭৪০ জন। বিশেষ করে উপকূলীয় লা গুয়াইরা অঞ্চলজুড়ে ব্যাপক ধ্বংসলীলার চিত্র সামনে এসেছে এবং এখনো বহু মানুষ নিখোঁজ রয়েছেন। এক শতাব্দীরও বেশি সময়ের মধ্যে ভেনিজুয়েলায় এটিই সবচেয়ে শক্তিশালী ভূকম্পন। রিখটার স্কেলে ৭.২ মাত্রার প্রথম ঝাঁকুনির ঠিক ৩৯ সেকেন্ড পর ৭.৫ মাত্রার দ্বিতীয় ভূমিকম্পটি আঘাত হানে। এতে মুহূর্তের মধ্যেই বহুতলা আবাসিক ভবনগুলো ধূলিসাৎ হয়ে যায়।

এ দিকে আর কোনো জীবিত মানুষ পাওয়ার আশা ছেড়ে দিয়ে উদ্ধার অভিযান আনুষ্ঠানিকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে নিখোঁজ স্বজনদের লাশ উদ্ধার ও মর্যাদাপূর্ণ শেষকৃত্যের আশায় এখনো অনেক পরিবার ধ্বংসস্তূপের মাঝে সন্ধান চালিয়ে যাচ্ছেন। এরই মধ্যে গত শুক্রবার রাজধানী কারাকাসে রিখটার স্কেলে ৩ মাত্রার আরেকটি মৃদু ভূকম্পন অনুভূত হলে বাসিন্দাদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সতর্কতাস্বরূপ সে সময় বেশ কয়েকটি ভবন খালি করে দেয়া হয়। দীর্ঘদিনের অর্থনৈতিক সঙ্কটের কারণে ভেনিজুয়েলার রাষ্ট্রীয় সেবামূলক খাতগুলো আগে থেকেই ভঙ্গুর অবস্থায় রয়েছে। ফলে এই বিপর্যয় কাটিয়ে বর্তমান পরিস্থিতি মোকাবেলা করা দেশটির জন্য এক বিশাল চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।