কক্সবাজার অফিস
বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী বলেছেন, ‘সাংবাদিকদের পর্যাপ্ত সুরক্ষা নিশ্চিত করা না গেলে মুক্ত ও স্বাধীন সংবাদমাধ্যমের অস্তিত্ব বজায় রাখা সম্ভব নয় এবং গণতন্ত্রের ভিতকে মজবুত করতে হলে স্বাধীন সাংবাদিকতা প্রয়োজন। গণমাধ্যমের সুরক্ষার পাশাপাশি নিজেদের অস্তিত্ব রক্ষায় সাংবাদিকদের মধ্যে ঐক্যের বিকল্প নেই।
গতকাল কক্সবাজার প্রেস ক্লাবে সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের বার্ষিক সাধারণ সভায় তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন, সাংবাদিকরা অতীতের যেকোনো সময়ের চেয়ে এখন স্বাধীনভাবে কাজ করতে পারছে। কিন্তু চ্যালেঞ্জ শেষ হয়নি। দেশে সাংবাদিকতার পরিবেশ নানা কারণে চ্যালেঞ্জের মুখে পড়ছে। রাজনৈতিক প্রভাব, প্রাতিষ্ঠানিক, পেশাগত নিরাপত্তার অভাব ইত্যাদি মিলিয়ে অনেক সাংবাদিক স্বাধীনভাবে কাজ করতে পারছেন না। সাংবাদিকদের ওপর অযাচিত হস্তক্ষেপ যেমন গণমাধ্যমের স্বাধীনতা ক্ষুণœ করে, তেমনি অপসাংবাদিকতা ও পেশাগত দক্ষতার অভাবও বড় সমস্যা। একই সাথে গণমাধ্যম প্রতিষ্ঠানের পক্ষ থেকেও কখনো কখনো এমন চাপ তৈরি হয়, যা সাংবাদিকদের নৈতিক অবস্থান থেকে বিচ্যুত করতে পারে।
দায়িত্বশীল সাংবাদিকতা নিশ্চিত করতে হলে শুধু নিরাপত্তাই নয়, সাংবাদিকদের ন্যায্য বেতন, কর্মপরিবেশ এবং পেশাগত মর্যাদাও নিশ্চিত করতে হবে। অধিকাংশ গণমাধ্যম ওয়েজবোর্ড মেনে বেতন দেন না। অনেক গণমাধ্যমে সাংবাদিকদের যে বেতন দেন তা মালিকের ড্রাইভারের বেতনের চেয়েও কম। এসব বন্ধ করতে হবে। আমরা সরকারকে বলেছি ‘নো ওয়েজবোর্ড, নো মিডিয়া’ নীতি কার্যকর করতে। এটা করা গেলে গণমাধ্যমের ভেতরের অনেক নৈরাজ্য দূর করা সম্ভব হবে।
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি ওবায়দুর রহমান শাহীন বলেন, সংবাদকর্মীদের নিরাপদে কাজ করার পরিবেশ না থাকলে বস্তুনিষ্ঠ ও স্বাধীন সাংবাদিকতা বিকল হয়ে পড়ে। সাংবাদিকদের জাতির বিবেক হিসেবে বিবেচনা করা হয়। জাতির বিবেক যদি সাংবাদিক হন, আর সেই বিবেকের সবচেয়ে শক্তিশালী অস্ত্র যদি হয় কলম, তাহলে সেই কলম থামিয়ে দেয়া মানে শুধু একজন সাংবাদিকের কণ্ঠ রোধ করা নয়; এটি সত্য প্রকাশের পথকে সঙ্কুচিত করে।
সভায় আরো বক্তব্য রাখেন কক্সবাজার প্রেস ক্লাবের সভাপতি মাহবুবর রহমান, প্রতিষ্ঠাতা সদস্য এস এম আমিনুল হক চৌধুরী, সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারি, সহসভাপতি কামাল হোসেন আজাদ, নূরুল ইসলাম হেলালী, যুগ্ম সম্পাদক ইকরাম চৌধুরী টিপু, মাহবুবুর রহমান ও এস এম জাফর প্রমুখ।



