নিজস্ব প্রতিবেদক
‘বাপে ফোন দেয়, ধরস না কেন? বাপের সাথে কথা না বলে কিভাবে ব্যবসা করিস সেটা দেখবো’ বলেই রাজধানীর লালমাটিয়ায় একটি ইন্টারনেট সার্ভিস প্রতিষ্ঠানে হামলা ভাঙচুর ও লুটপাট চালিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাতে লালমাটিয়ায় ‘ডট ইন্টারনেট’ নামে ওই প্রতিষ্ঠানে ঢুকে কয়েক জনকে বেধড়ক মারধরও করে সন্ত্রাসীরা। এই ঘটনায় প্রতিষ্ঠানটির করপোরেট কো-অর্ডিনেটর অফিসার সগীর হোসেন আসিফ বাদি মোহাম্মদপুর থানায় একটি মামলা করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, মোহাম্মদপুর থানার লালমাটিয়া ই-ব্লকের একটি ভবনের তৃতীয় তলায় ডট ইন্টারনেটের অফিস। মঙ্গলবার রাতে ২০-২৫ জনের একদল দুর্বৃত্ত মাস্ক পরা অবস্থায় জোর করে অফিসে ঢুকে কর্মীদের মারধর করে প্রতিষ্ঠানটির মালিক প্রদীপ ঢালী এবং সিটিও মো: মিঠু হাওলাদারকে খুঁজতে থাকে। এ সময় হামলাকারীরা বলে, ‘মিঠু (মিঠু হাওলাদার) ও প্রদীপ (প্রদীপ ঢালী) কই? বাপে ফোন দেয়, ধরস না কেন? বাপের সাথে কথা না বলে কিভাবে ব্যবসা করিস সেটা দেখবো।’ পুরো ঘটনা আবার পাশের একজন ভিডিওকলে বাইরের কাউকে দেখাতে থাকে।
এ সময় অফিসের অ্যাকাউন্ট ম্যানেজার মো: ইব্রাহিম হাওলাদার এবং ইলেকট্রিশিয়ান মো: জালাল তাদের আসার কারণ জানতে চাইলে দুর্বৃত্তরা উত্তেজিত হয়ে তাদের এলোপাতাড়ি মারধর শুরু করে। গুরুতর অবস্থায় তাদের শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। হামলাকারীরা অফিস থেকে একটি সিপিইউ, একটি ওয়াইফাই রাউটার এবং একটি আইফোন মোবাইল লুট করে, যার আনুমানিক মূল্য দুই লাখ ২৩ হাজার ৫০০ টাকা। যাওয়ার সময় তারা স্টাফদের বিভিন্ন ভয়ভীতি ও হুমকি দেয়।
দুর্বৃত্তরা যে মিঠুকে খুঁজতে এসেছিল তিনি প্রতিষ্ঠানটির অংশীদার। মিঠু সাংবাদিকদের বলেন, কারা কী কারণে আমার অফিসে হামলা করেছে, কিছুই বলতে পারব না। আমাকে কেউ কখনো ফোন করেনি।
ডিএমপির তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ডট ইন্টারনেট অফিসে হামলার ঘটনায় ঘটনায় জড়িতদের শনাক্ত করা হয়েছে। তবে গ্রেফতারের স্বার্থে তাদের নাম পরিচয় গোপন রাখতে হচ্ছে। শিগগিরই তাদের গ্রেফতার করা হবে।



