আজাদ কাশ্মিরে নির্বাচনী আসন ঘিরে অব্যাহত সঙ্ঘাতে নিহত ২৪

Printed Edition

গালফ টুডে

পাকিস্তান-নিয়ন্ত্রিত আজাদ জম্মু ও কাশ্মিরে (এজেকৈ) নির্বাচনী আসন বিন্যাসকে কেন্দ্র করে শুরু হওয়া সরকারবিরোধী আন্দোলন এখন রক্তক্ষয়ী রূপ নিয়েছে। গত দুই সপ্তাহের টানা সঙ্ঘাত ও সহিংসতায় মৃতের সংখ্যা বেড়ে ২৪ জনে পৌঁছেছে। পরিস্থিতি ক্রমশ নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় পুরো অঞ্চলে অনির্দিষ্টকালের জন্য শাটডাউন ঘোষণা করা হয়েছে। নিহতের তালিকায় চারজন নিরাপত্তা কর্মী ছাড়াও রয়েছেন ২০ জন সাধারণ আন্দোলনকারী। এ ছাড়া দফায় দফায় চলা এই সংঘর্ষে শতাধিক পুলিশ সদস্য জখম হয়েছেন এবং সহিংসতা ছড়ানোর অভিযোগে এ পর্যন্ত ৫০০-এর বেশি বিক্ষোভকারীকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

আগামী ২৭ জুলাই আজাদ কাশ্মিরের ৪৫টি আসনে আইনসভা নির্বাচন অনুষ্ঠানের শিডিউল রয়েছে। এই নির্বাচনে ভারত-শাসিত কাশ্মির থেকে এসে পাকিস্তানে আশ্রয় নেয়া শরণার্থীদের জন্য ১২টি আসন সংরক্ষিত রাখার সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। এই সিদ্ধান্তের প্রতিবাদে এবং অর্থনৈতিক-প্রশাসনিক সংস্কারের দাবিতে গত ৯ জুন থেকে সর্বাত্মক ধর্মঘটের ডাক দেয় ‘জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি’ (জেএএসি)। প্রশাসন এই আন্দোলনকে সন্ত্রাসবিরোধী আইনে নিষিদ্ধ করলেও বিক্ষোভকারীরা পিছু হঠেনি। উল্টো হাজার হাজার ক্ষুব্ধ মানুষ আঞ্চলিক রাজধানী মুজাফফরাবাদ থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে রাওয়ালকোট শহরের প্রবেশমুখে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে রেখেছে।