সিলেটে জামায়াতের সমাবেশে ফখরুল ইসলাম

গণভোটে ‘হ্যাঁ’ ও দাঁড়িপাল্লাকে বিজয়ী করতে হবে

Printed Edition

সিলেট ব্যুরো

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগর আমির মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের আকাক্সক্ষা বাস্তবায়নে জামায়াতের সর্বস্তরের জনশক্তিকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে। তিনি বলেন, ফ্যাসিবাদী সরকারের পতন ঘটলেও দেশে এখনো ফ্যাসিবাদী মানসিকতা ও চক্রান্ত পুরোপুরি শেষ হয়নি।

গত শুক্রবার রাতে সিলেট মহানগর জামায়াত আয়োজিত ওয়ার্ড দায়িত্বশীল সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। সমাবেশে মহানগরীর সব সাংগঠনিক থানার আওতাধীন ওয়ার্ড সভাপতি-সেক্রেটারিসহ ইউনিট পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ অংশ নেন।

মুহাম্মদ ফখরুল ইসলাম বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের স্বপ্ন ছিল একটি বৈষম্যহীন, মানবিক ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ। সেই স্বপ্ন বাস্তবায়নে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গণভোটে ‘হ্যাঁ’ এবং জামায়াতের প্রতীক দাঁড়িপাল্লাকে বিজয়ী করতে হবে। এটি শুধু একটি নির্বাচন নয়, এটি ভবিষ্যৎ বাংলাদেশের দিকনির্দেশনা নির্ধারণের গণরায়।

তিনি অভিযোগ করে বলেন, দেশে এখনো সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হয়নি। জুলাই শহীদ ও আহতদের রক্তের ওপর দাঁড়িয়ে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের রাষ্ট্রযন্ত্র একটি বিশেষ দলকে ক্ষমতায় নেয়ার ঘৃণ্য খেলায় লিপ্ত হয়েছে। এর পরিণতি কখনোই ভালো হতে পারে না। তিনি বলেন, গণভোটে ‘হ্যাঁ’কে ব্যর্থ করতে কিছু রাজনৈতিক শক্তি নতুন করে ফ্যাসিবাদ প্রতিষ্ঠার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এসব অপচেষ্টা রুখে দিতে দেশপ্রেমিক জনতাকে ঐক্যবদ্ধ হতে হবে।

মহানগর নায়েবে আমির ড. নূরুল ইসলাম বাবুলের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে আরো বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, সিলেট জেলা আমির ও সিলেট-১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা হাবিবুর রহমান।

সমাবেশে উপস্থিত ছিলেন জামায়াতের সিলেট অঞ্চল টিম সদস্য ও সিলেট-১ আসনের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক হাফিজ আব্দুল হাই হারুন, মহানগর সহকারী সেক্রেটারি জাহেদুর রহমান চৌধুরী ও মাওলানা ইসলাম উদ্দিন, বায়তুল মাল সেক্রেটারি মুফতি আলী হায়দার, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিলেট মহানগর সভাপতি শাহীন আহমেদ এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রশিবির সভাপতি তারেক মনোয়ারসহ অন্য নেতৃবৃন্দ।