ক্রীড়া প্রতিবেদক
নিরাপত্তা শঙ্কায় ভারতে গিয়ে টি-২০ বিশ্বকাপ খেলতে চায়নি বাংলাদেশ। আইসিসিও বাংলাদেশের অনুরোধে রাজি হয়নি। এ কারণে শেষ মুহূর্তে বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে টি-২০ বিশ্বকাপে অন্তর্ভুক্ত করেছে আইসিসি। এ বিষয়ে সাবেক ও বর্তমান অনেক ক্রিকেটারই কথা বলেছেন। গতকাল মুখ খুলেছেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি এ বি ডি ভিলিয়ার্স। জানালেন, বিশ্বকাপে বাংলাদেশের অনুপস্থিতি ক্রিকেটের জন্য হতাশার।
ইউটিউবে ‘এ বি ডি ভিলিয়ার্স ৩৬০’ নামে ডি ভিলিয়ার্সের একটি চ্যানেল আছে। দুই দিন আগে এ চ্যানেলে পোস্ট করা একটি ভিডিওতে বাংলাদেশের টি-২০ বিশ্বকাপে না খেলা প্রসঙ্গে কথা বলেন ৪১ বছর বয়সী কিংবদন্তি। একজন দর্শকের প্রশ্নের জবাবে ডি ভিলিয়ার্স বলেন, ‘আমি কারো পক্ষ নিতে চাই না। এটি রাজনৈতিক ইস্যু ও তাদের ব্যক্তিগত বিষয়। আমার কাছে এ বিষয়ে পর্যাপ্ত তথ্যও নেই। মন্তব্য করার মতো জানাশোনাও নেই। তবে এটি বলতে পারি, ব্যাপারটা কখনোই ওই পর্যন্ত যাওয়া উচিত নয়, যেখানে একটি দলকে টুর্নামেন্ট থেকে সরে দাঁড়াতে হয়। খারাপ লাগছে। খেলাটির জন্য এটি হতাশার। এমনটি কখনো হওয়া উচিত নয়।’
ডি ভিলিয়ার্স এরপর বলেন, ‘জানি না কারা এর নিয়ন্ত্রক, কারা সিদ্ধান্ত নিয়েছে, তাদের এসব সমাধান করা উচিত। আগেও বলেছি, ক্রিকেটের সঙ্গে রাজনীতির জড়িয়ে পড়াকে আমি ঘৃণা করি এবং এ কারণেই ব্যাপারটা এ পর্যন্ত এসেছে। খুবই দুঃখজনক।’



