সাইফউদ্দিন রিপন বাদ নতুন মুখ অমিত

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

চট্টগ্রামে ১৭, ১৯ ও ২১ জুন হবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া তিন ম্যাচের টি-২০ সিরিজ। ঘরের মাঠে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে এই সিরিজকে সামনে রেখে ভারসাম্যপূর্ণ একটি দলই গঠন করেছে নির্বাচক প্যানেল। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বৃষ্টির কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডের উত্তেজনা সাময়িকভাবে থমকে গেলেও ব্যস্ততা থামেনি বিসিবির। মাঠে বৃষ্টির বিরতির মধ্যেই গতকাল দুপুরে প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন ঘোষণা করেছেন অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন টি-২০ সিরিজ এবং জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের জন্য বাংলাদেশ দল।

দুই সংস্করণের জন্য ঘোষিত স্কোয়াডে যেমন অভিজ্ঞদের ওপর আস্থা রাখা হয়েছে, তেমনি ভবিষ্যতের কথা মাথায় রেখে সুযোগ দেয়া হয়েছে কয়েকজন নতুন ক্রিকেটারকেও। টি-২০ দলের নেতৃত্বে কোনো পরিবর্তন আসেনি। অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন লিটন কুমার দাস, সহ-অধিনায়ক তৌহিদ হৃদয়। সাম্প্রতিক সময়ে সীমিত ওভারের ক্রিকেটে ধারাবাহিকভাবে দায়িত্ব পালন করা এই দুই ক্রিকেটারের ওপরই আস্থা রেখেছে টিম ম্যানেজমেন্ট।

দলে এসেছে কিছু পরিবর্তন। সবশেষ সিরিজে থাকা মোহাম্মদ সাইফউদ্দিন এবং রিপন মণ্ডল জায়গা হারিয়েছেন। বিশেষ করে সাইফউদ্দিনের বাদ পড়া আলোচনার জন্ম দিয়েছে, কারণ দীর্ঘ সময় পর জাতীয় দলে ফিরে নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টায় ছিলেন। অন্যদিকে নিউজিল্যান্ড সিরিজে অভিষেক হওয়া রিপনও আপাতত নির্বাচকদের পরিকল্পনার বাইরে চলে গেলেন।

টি-২০ স্কোয়াডে ব্যাটিং বিভাগে আস্থা পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, সাইফ হাসান ও শামীম হোসেনের ওপর। উইকেটরক্ষক হিসেবে রয়েছেন নুরুল হাসান সোহান। স্পিন বিভাগে শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ ও রিশাদ হোসেনের উপস্থিতি ভারসাম্য এনে দিয়েছে। পেস আক্রমণে থাকছেন শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও নাহিদ রানা। পাশাপাশি দলে জায়গা ধরে রেখেছেন তরুণ অলরাউন্ডার আবদুল গাফফার সাকলাইন।

অন্য দিকে জিম্বাবুয়ের বিপক্ষে ২৮ জুন হারারেতে অনুষ্ঠিতব্য একমাত্র টেস্টের দলেও রয়েছে বেশ কিছু আলোচনার খোরাক। নেতৃত্বে থাকছেন নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। অভিজ্ঞ মুশফিকুর রহীম, লিটন কুমার দাস, মুমিনুল হক ও তাইজুল ইসলামদের পাশাপাশি দলে জায়গা পেয়েছেন তরুণ ব্যাটার অমিত হাসান। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক রান করার পুরস্কার হিসেবে জাতীয় দলে ডাক পেয়েছেন তিনি! টেস্ট স্কোয়াডের আরেকটি উল্লেখযোগ্য সংযোজন রবিউল হক। রংপুরের এই পেসার প্রথমবারের মতো জাতীয় দলের টেস্ট দলে জায়গা পেয়েছেন। একই সাথে দীর্ঘ দিন পর চোট কাটিয়ে জাতীয় দলে ফিরেছেন ইবাদত হোসেন চৌধুরী।

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ টি-দল

লিটন কুমার দাস (অধিনায়ক), তৌহিদ হৃদয় (সহ-অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, মোহাম্মদ সাইফ হাসান, শামীম হোসেন, কাজী নুরুল হাসান সোহান, শেখ মাহেদী হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, নাহিদ রানা ও আবদুল গাফফার সাকলাইন।

জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ টেস্ট দল

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, তানজিদ হাসান তামিম, মোমিনুল হক সৌরভ, মুশফিকুর রহীম, লিটন কুমার দাস, তাইজুল ইসলাম, নাঈম হাসান, সৈয়দ খালেদ আহমেদ, ইবাদত হোসেন চৌধুরী, হাসান মাহমুদ, হৃদয়, অমিত হাসান ও রবিউল হক।