ক্রীড়া প্রতিবেদক
দলের হারের পর সংবাদ সম্মেলনে এসেছিলেন অস্ট্রেলিয়ান অধিনায়ক প্যাট কামিন্স। দলের ব্যর্থতার কথা মেনে নিয়েছেন, কৃতিত্ব দিয়েছেন বাংলাদেশকে।
কতটা অপ্রত্যাশিত ছিল এমন ফল
আসলে আমি এ রকম বলব না। প্রতিটি টেস্ট ম্যাচেই আপনি মাঠে নামবেন এ রকম ভাবনা নিয়ে যে, এই ম্যাচ যেকোনো দিকেই যেতে পারে। মাঝেমধ্যে ফল আপনার বিপক্ষে যাবে। তবে এই প্লেয়াররা এবং আমরা সবাই জানি সবসময়ই এ রকম হবে না। তারা (বাংলাদেশ) অনেক ভালো দল। তাদের বিপক্ষে অত বেশি টেস্ট ম্যাচ খেলিনি হয়ত তবে ওয়ানডে খেলেছি সম্প্রতি। দারুণ কিছু ক্লাস বোলার রয়েছে তাদের দলে। এ রকম ফলাফল তারা ডিজার্ভ করে। আমরা নিজেদের জায়গাটা ধরে রাখতে পারিনি।
প্রস্তুতি কম ছিল কি না
প্রস্তুতি ভালোই ছিল। ব্রিসবেনে অনেক প্রস্তুতি হয়েছে আমাদের। ফলে আমি কোনো কিছুর দিকে আঙুল তুলতে চাই না। শুরুটা ভালো করতে পারিনি আমরা। ফলে পেছনে চলে গিয়েছি। এমন ভালো উইকেটে একবার পেছনে পড়ে গেলে সেখান থেকে আবার মোমেন্টাম ফিরে পাওয়া বেশ কঠিন। সবার জন্যই কাজটা কঠিন ছিল।
সেøা ওভাররেট নিয়ে
আমি চেষ্টা করেছি দ্রুত ওভারগুলো শেষ করতে। ট্রাভিস হেডকে দিয়েও বল করিয়েছি। স্টার্ক-জশদের বিশ্রাম দিতে চেয়েছিলাম। তাই ঘুরিয়ে ফিরিয়ে বল করিয়েছি।
টেস্ট ভেনু
আসলে টেস্টের ভেনুতে পিচগুলো দ্রুত বুঝতে হবে আপনাকে। অনেক সময় এই কাজটা কঠিন। প্রথম ইনিংসে ব্যাট করবেন নাকি চতুর্থ ইনিংসে? একটা তো বেছে নিতেই হবে। আমাদের মনে হয়েছে চতুর্থ ইনিংসে ব্যাট করা কঠিন হয়ে যেতে পারে। ঘাস ছিল কিছুটা পিচে, ফলে প্রথম কয়েক ঘণ্টা ব্যাট করা কঠিন হবে। চতুর্থ বা পঞ্চম দিনে উইকেট কেমন আচরণ করবে তা বোঝা মুশকিল। শেষ দিকে উইকেটে স্পিন ধরেছে- এটাই আমাদের আউটপ্লেড করে দিয়েছে। যদি প্রথম দিকের সময়টা ভালোভাবে কাটিয়ে দিতে পারতাম তাহলে হয়ত ভালো হত। তারা অনেক লম্বা সময় ১৩০ ওভারের মতো ব্যাটিং করেছে। যদি চার বা পাঁচ নম্বর দিনে তাদের ব্যাট করাতে পারতাম হয়ত স্পিন দিয়ে কিছু একটা করা যেত।
বাংলাদেশের পারফরম্যান্স
দুর্দান্ত ক্রিকেট খেলেছে। এই জয় তারা ডিজার্ভ করে। আমাদের চেয়ে এই সপ্তাহে তারা অনেক ভালো দল ছিল। দারুণ ধৈর্য নিয়ে খেলেছে। আমরাও ক্যাচ ফেলেছি। নিজেদের হতাশ করেছি। তারা অনেক ভালো খেলেছে, দারুণ জয়। এমন টেস্ট জেতা, অবশ্যই দারুণ।
ব্যালান্স আনা
কঠিন ম্যাচ ছিল এটি। আসলে এত এত ক্রিকেটের মধ্যে ব্যালান্স রাখা বেশ কঠিন ব্যাপার। আমরা এবার বেশি প্রস্তুতি নিয়েছি অন্য যেকোনো বারের চেয়ে। কারণ টেস্ট খেলিনি অনেকদিন মাঝে। এখানে আমাদের অ্যাপ্রোচ নিয়ে আবার ভাবতে হবে। অ্যাশেজও হয়েছে মাঝে। এখানে আবার টেস্ট চ্যাম্পিয়নশিপের একটি সিরিজ। এনার্জির লেভেল ধরে রাখা অনেক সময় কঠিন হয়ে যায়। সামনের ম্যাচের আগে বেশ ভালোভাবে প্রস্তুত হতে হবে। চেষ্টা করব আমাদের স্টাইলে কিছু চেঞ্জ এনে ভালোভাবে ঘুরে দাঁড়াতে।



