সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি ও রংপুর অঞ্চলের পরিচালক মাওলানা আব্দুল হালিম বলেছেন, ‘জনগণের রায় উপেক্ষা এবং গণভোটের রায় অস্বীকার করে জনগণকে অপমান করা হয়েছে। যারা এ কাজ করেছেন, এক দিন তারাই চরম অপমানের মুখে পড়বেন।’ গত শুক্রবার বিকেলে নীলফামারীর সৈয়দপুর শহরের আল ফারুক একাডেমি মিলনায়তনে আয়োজিত দুই দিনব্যাপী কর্মী শিক্ষা শিবিরের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আব্দুল হালিম বলেন, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই অধ্যাদেশের আওতায় অনুষ্ঠিত হয়েছে। তিনি দাবি করেন, জুলাই অভ্যুত্থানের চেতনায় নতুন বাংলাদেশ গঠনে সংস্কারের বিকল্প নেই। এ লক্ষ্যে গণভোটের রায় বাস্তবায়নে সংসদ ও রাজপথে কর্মসূচি চালিয়ে যাওয়ার কথা জানান তিনি।
বিএনপির সমালোচনা করে তিনি বলেন, এক দিকে দলটি গণভোটের রায় বাস্তবায়নের কথা বলছে, অন্য দিকে সংবিধান সংস্কার প্রক্রিয়ার বিরোধিতা করছে। তিনি এটিকে জনগণের সাথে প্রতারণা বলে উল্লেখ করেন।
জামায়াতের এই নেতা বলেন, দলটি ইনসাফভিত্তিক কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে রাজনীতি করছে। অতীতে রাজনৈতিক নিপীড়ন, হামলা-মামলা ও কারাবরণ সত্ত্বেও তাদের কর্মকাণ্ড থেমে থাকেনি বলেও মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম এবং জেলা জামায়াতের মানবসম্পদ বিভাগের সেক্রেটারি আব্দুল কাদিম। সভাপতিত্ব করেন সৈয়দপুর শহর জামায়াতের আমির শরফুদ্দিন খান।



