ব্রাজিলের ৬০ বছরের রেকর্ড ভাঙল নেদারল্যান্ডস

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

একসময় বিশ্বকাপের মঞ্চে অপরাজেয়তার প্রতীক ছিল ব্রাজিল। ১৯৫৮ থেকে ১৯৬৬ টানা তিনটি আসরে ১৩ ম্যাচ অপরাজিত থেকে গড়ে তুলেছিল এক স্বর্ণালি ইতিহাস। সেই রেকর্ড ছুঁতে বহু দল চেষ্টা করেছে ; কিন্তু পারেনি। অবশেষে ছয় দশক পর সেই গৌরবময় অধ্যায়ের ইতি টানল ইউরোপের কমলা ব্রান্ড নেদারল্যান্ডস ফুটবল দল।

হিউস্টনের গ্যালারিজুড়ে ছিল কমলা রঙের উচ্ছ্বাস। দর্শকদের সেই আবেগ যেন ছড়িয়ে পড়ে মাঠেও। শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে ডাচরা। তাদের গতিময় আক্রমণ, নিখুঁত পাসিং এবং দুর্দান্ত ফিনিশিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি সুইডেন। শেষ পর্যন্ত ৫-১ গোলের দাপুটে জয় তুলে নিয়ে বিশ্বকাপে টানা ১৪ ম্যাচ অপরাজিত থাকার নতুন ইতিহাস গড়ে তারা।

এই অর্জন শুধু একটি রেকর্ড ভাঙা নয়, বরং ডাচ ফুটবলের ধারাবাহিকতা, আত্মবিশ্বাস ও আধুনিক কৌশলের এক উজ্জ্বল স্বীকৃতি। বিশ্বকাপে এখন পর্যন্ত তাদের এই ১৪ ম্যাচের যাত্রায় রয়েছে ১০টি জয় ও চারটি ড্র। সবচেয়ে বড় কথা, তারা ভেঙেছে ফুটবল ইতিহাসের অন্যতম মর্যাদাপূর্ণ এক রেকর্ড ব্রাজিলের ৬০ বছরের পুরনো অপরাজিত থাকার কীর্তি।

রেকর্ড তো ভাঙার জন্যই তৈরি হয়। তবে কিছু রেকর্ড ভাঙা মানে ইতিহাসের নতুন অধ্যায় লেখা। হিউস্টনের সেই কমলা রাতে ঠিক সেটিই করেছে নেদারল্যান্ডস। নিজেদের নাম লিখিয়েছে বিশ্বকাপের নতুন অপরাজিত সম্রাট হিসেবে। ২০২৬ ফুটবল বিশ্বকাপ যেন রেকর্ড ভাঙা-গড়ার খেলার টুর্নামেন্ট। লিওনেল মেসি, হ্যারি কেইনের মতো তারকারা ভেঙে দিচ্ছেন একের পর এক রেকর্ড। তারকা ফুটবলাররা তো বটেই, এমনকি দলগুলোও নাম লেখাচ্ছে রেকর্ড বইয়ে।

নেদারল্যান্ডস সবশেষ বিশ্বকাপে হেরেছে ২০১০ সালের ফাইনালে। দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত আসরে ডাচদের ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল স্পেন। টানা সর্বোচ্চ ১৪ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড গড়লেও নেদারল্যান্ডস বিশ্বকাপ জিততে পারেনি এখনও। ২০১৮ সালে নেদারল্যান্ডস মূলপর্বে উঠতে পারেনি। ২০১৪ সালে তৃতীয় হয়েছিল ব্রাজিলকে হারিয়ে। সেবার ডাচরা সেমিতে হেরেছিল আর্জেন্টিনার কাছে। নেদারল্যান্ডস-আর্জেন্টিনা মূল ম্যাচ ড্র হলে টাইব্রেকারে নিষ্পত্তি হওয়ার এটাকে ড্র হিসেবে ধরা হয়। ২০২২ সালেও ডাচদের কাঁদায় আর্জেন্টিনা। এবারো ঘটনা একই রকম। নেদারল্যান্ডস-আর্জেন্টিনা কোয়ার্টার ফাইনাল ২-২ গোলে ড্র হওয়ায় টাইব্রেকারে ম্যাচের নিষ্পত্তি হয়েছিল।

সুইডেনের বিপক্ষে দুই ডাচ ফরোয়ার্ড ব্রায়ান ব্রবি, কোডি গাকপো জোড়া গোল করেছেন। ব্রবি গোল করেছেন ৫ ও ১৭ মিনিটে। এরপর ৪৭ থেকে ৫৪ এই ৭ মিনিটের মধ্যে দু’টি গোল করেন গাকপো। সুইডেনের একমাত্র গোল অ্যান্থনি এলাঙ্কা করেন ৫৯ মিনিটে। তিনি ৫৬ মিনিটে আলেক্সান্ডার বের্নহার্ডসনের পরিবর্তে নামেন। আর সুইডেনের কফিনে শেষ পেরেক ঠুকেন ক্রিসেনসিও সামারভিল। ৮৯ মিনিটে তিনি গোল করেছেন।

৫-১ গোলে জিতলেও আগের খেলায় জাপানের সাথে ড্র করা নেদারল্যান্ডসের নকআউট পর্ব এখনো নিশ্চিত হয়নি। তবে দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ‘এফ’ গ্রুপের পয়েন্ট তালিকার শীর্ষে ডাচরা। দুই ও তিনে থাকা জাপান ও সুইডেনের পয়েন্ট ৪ ও ৩। তলানিতে থাকা তিউনিসিয়ার পয়েন্ট ০।