রোহান রাজের এগিয়ে চলা...

Printed Edition
রোহান রাজের এগিয়ে চলা...
রোহান রাজের এগিয়ে চলা...

বিনোদন ডেস্ক

রোহান রাজ বাংলাদেশের সঙ্গীতাঙ্গনে এই সময়ের অন্যতম গীতিকার, সুরকার। মাঝে মাঝে তিনি নিজেও গান গেয়ে থাকেন। তবে নিজের লেখা ও সুর করা মন ছুঁয়ে যাবার মতো গানগুলো অন্য শিল্পীদের কণ্ঠে তুলে দিতেই অন্যরকম প্রশান্তি খুঁজে পান রোহান রাজ। ময়মনসিংহের সন্তান রোহান রাজের লেখা, সুর করা সুকুমার বাউলের কণ্ঠে তুমুল জনপ্রিয় গান ‘মানুষ বড়ই স্বার্থপর’ ২০২২ সালে ইউটিউবে প্রকাশের পর এখন পর্যন্ত ১৪ কোটিরও বেশি ভিউয়ার্স উপভোগ করেছেন। গানটি নিয়ে সবসময়ই সুকুমার বাউল বিশেষভাবে আলোচনাতে এলেও নেপথ্যে নীরবই থেকে গেলেন গানের স্রষ্টা রোহান রাজ। তার সুর করা বিভিন্ন শিল্পীর কণ্ঠে আরো বেশ কয়েকটি জনপ্রিয় গানের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- ‘আমার সোনার ময়না পাখি’, ‘আমার মায়ায় পইড়া যাইবা’, ‘তোমায় ছেড়ে ’, ‘এমন একটা রাত দাও আল্লাহ’, ‘মনে মনে মিলেগেছে মন’, ‘বাড়ির পাশে বন্ধুর বাড়ি’, ‘বন্ধুরে তোর প্রেমানলে’, ‘মনে বড় জ্বালা’ ইত্যাদি। নিজে গান গাইতে পারলেও গান লেখা ও সুর করাতেই বেশি মগ্ন তিনি। এখন পর্যন্ত সাত শতাধিক গান করেছেন তিনি। তার লেখা ও সুর করা গানে কণ্ঠ দিয়েছেন সাবিনা ইয়াসমিন, মনির খান, আসিফ আকবর, ইমরান, এফ এ সুমন, কাজী শুভ, মাহতিম, সামজসহ আরো অনেকে। ময়মনসিংহের সঞ্চিতা পালিতের কাছে এক বছর গানের তালিম নিয়েছিলেন রোহান রাজ। তবে বাণিজ্যিক মিউজিকে পলাশ ফারুকীর কাছে তালিম নিয়েছেন তিনি। ময়মনসিংহের গফরগাঁওয়ের পাইথল গ্রামের সন্তান রোহান রাজের গান গাওয়া বা অনুপ্রেরণা বড় ভাই রফিককে গান শুনতে দেখে। একসময় ঢাকায় এসে ব্যবসাও শুরু করেন রোহান রাজ। কিন্তু ক্ষতিগ্রস্ত হওয়ায় তিনি গানের ভুবনে একটু একটু করে এগিয়ে যান। রোহান রাজ বাংলাদেশের সঙ্গীতাঙ্গনে এখন এমনই একজন গীতিকার, সুরকার যার কাছে একটি গান গাওয়ার স্বপ্ন দেখেন বিশেষত এই প্রজন্মের শিল্পীরা। রোহানও চেষ্টা করেন যে গানের জন্য যিনি পারফেক্ট তার কণ্ঠেই সেই গান তুলে দিতে। গান নিয়ে স্বপ্ন প্রসঙ্গে তিনি বলেন, ‘অনেক বড় স্বপ্ন যে আমার তা নয়। গানটা আমি নিয়মিত করে যেতে চাই। আমি অনুভব করতে পারি যে মানুষ আমার লেখা সুর করা গান শোনেন। আমার গানের প্রতি সবার ভালোবাসাও আছে। আমি আমার নিজস্ব ধারাতেই বাংলা গানকে আরো সমৃদ্ধ করতে চাই, আমার নিজস্ব একটা সিগনেচার তৈরি করে রেখে যেতে চাই বাংলা গানে।’ রোহান রাজের পুরো নাম হেদায়তুল ইসলাম রাজু। অডিওর যুগে তার কণ্ঠের প্রথম অ্যালবাম ছিল ‘বন্ধু তুমি কেমন আছো’।