ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ উপলক্ষে রংপুর বিভাগের শ্রেষ্ঠ সহকারী প্রাথমিক শিক্ষিকা নির্বাচিত হয়েছেন ঠাকুরগাঁও সদর উপজেলার ধন্দোগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মালেকা মোকাররমা। গত বৃহস্পতিবার বিভাগীয় প্রাথমিক শিক্ষা পদক বাছাই কমিটি চূড়ান্ত ফলাফল প্রকাশ করে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ক্যাটাগরিতে তিনি শ্রেষ্ঠত্ব অর্জন করেন।
রংপুর বিভাগীয় কমিশনার ও বিভাগীয় প্রাথমিক শিক্ষা পদক বাছাই কমিটির সভাপতি শহিদুল ইসলাম (এনডিসি) এবং বিভাগীয় উপ-পরিচালক ও কমিটির সদস্যসচিব আজিজুর রহমান স্বাক্ষরিত ফলাফলে মালেকা মোকাররমার নাম ঘোষণা করা হয়।
মালেকা মোকাররমা ঠাকুরগাঁও শহরের হাজীপাড়া এলাকার বাসিন্দা। দীর্ঘ এক দশকের শিক্ষকতা জীবনে শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের কল্যাণে নিষ্ঠার সাথে কাজ করে আসছেন তিনি।
এ অর্জনে তিনি মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং ভবিষ্যতে আরো ভালোভাবে দায়িত্ব পালনের প্রত্যয় ব্যক্ত করেছেন। পাশাপাশি তিনি সহকর্মী, শিক্ষার্থী, অভিভাবক ও শুভানুধ্যায়ীদের দোয়া কামনা করেছেন।



