ফ্রান্স থেকে প্রতিনিধি
ফ্রান্সের রাজধানী প্যারিসে ‘নজরুলের চেতনায় নতুন বাংলাদেশের অভিযাত্রা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সেন্টার, ফ্রান্স শাখার উদ্যোগে আয়োজিত এ সেমিনারে ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, দর্শন ও চেতনার সাথে এর যোগসূত্র নিয়ে আলোচনা করেন বক্তারা।
সোমবার (১০ আগস্ট) বৃহত্তর প্যারিসের বুলোন-বিয়াঁকুর এলাকায় একটি চার তারকা হোটেলের বলরুমে এ সেমিনারের উদ্বোধন করেন ঢাকায় অবস্থানরত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সেন্টারের নির্বাহী পরিচালক লতিফুল ইসলাম শিবলী। ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশে যে পরিবর্তন এসেছে, তার প্রেক্ষাপট এবং এর সাথে নজরুলের চেতনার প্রাসঙ্গিকতা নতুন করে অনুধাবন করা প্রয়োজন।
সেমিনারে প্রধান অতিথি ছিলেন বারাকা গ্রুপের চেয়ারম্যান ফয়সল আহমদ চৌধুরী। প্রধান আলোচক ছিলেন আয়ারল্যান্ডপ্রবাসী কবি ও কলামিস্ট ডা: জিন্নুরাইন জায়গীরদার।
ডা: জিন্নুরাইন জায়গীরদার বলেন, ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে ছাত্র-জনতার সংগ্রামে নজরুলের সাহিত্যকর্ম অনুপ্রেরণা জুগিয়েছে। জাতি হিসেবে বড় ঘটনাগুলো দ্রুত ভুলে যাওয়ার প্রবণতা থেকে বেরিয়ে এসে ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো স্মরণে রাখার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সেন্টার, ফ্রান্স শাখার সভাপতি ও কবি সোহেল আহমদ। সঞ্চালনা করেন সংগঠনের সেক্রেটারি নজমুল হক।
সেমিনারে নজরুলের সাহিত্য ও দর্শনের বিভিন্ন দিক তুলে ধরেন সংগঠনের উপদেষ্টা ও নজরুল গবেষক খোরশেদ আলম পাটোয়ারী। তিনি বলেন, কাজী নজরুল ইসলাম শুধু বিদ্রোহের কবি নন; তিনি প্রেম, সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনারও কবি। তার সাহিত্য, সঙ্গীত ও দর্শন আজও অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে মানুষকে সোচ্চার হতে অনুপ্রেরণা দেয়।
প্রধান অতিথি ফয়সল আহমদ চৌধুরী বলেন, প্রবাসে নজরুল ও জুলাই গণ-অভ্যুত্থানকে কেন্দ্র করে এ ধরনের আয়োজন প্রবাসী বাংলাদেশীদের মধ্যে দেশের ইতিহাস, সংস্কৃতি ও মূল্যবোধের সাথে সংযোগ আরো দৃঢ় হবে।
সভাপতির বক্তব্যে কবি সোহেল আহমদ বলেন, কাজী নজরুল ইসলাম শুধু আমাদের জাতীয় কবি নন, তিনি বাংলা সাহিত্য ও সংস্কৃতির এক অনন্য বিদ্রোহী চেতনার প্রতীক। তার লেখনীতে শোষণ, অন্যায়, বৈষম্য ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে যে প্রতিবাদ উচ্চারিত হয়েছে, তা আজও সমানভাবে প্রাসঙ্গিক।
সেমিনারে বাংলাদেশ কমিউনিটি ফ্রান্সের বিভিন্ন পর্যায়ের যারা উপস্থিত ছিলেন তাদের মধ্যে রাজনীতিবিদ রেজাউল করিম, ফ্রান্স বাংলাদেশ জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের (এফবিজেএ) মুখপাত্র মোহাম্মদ আরিফ উল্লাহ, মনোয়ার পাটোয়ারী, সাংবাদিক মোহাম্মদ আলী চৌধুরী, এফবিজে-এর সদস্য মুমিন আনসারী, তানভীর আহমদ তোহা ও সরদার হাসান ইলিয়াছ তানিম, রফিকুল হক রাসেল, আবদুল হাকিম, হেলাল আহমেদ, ফয়সাল আহমেদ ও সাঈদ ইরফান উল্লেখযোগ্য।



