মাদারগঞ্জ (জামালপুর) সংবাদদাতা
জামালপুরের মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত দুই সপ্তাহে ডায়রিয়াসহ বিভিন্ন রোগে আক্রান্ত প্রায় ৩০০ রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা প্রায় ১০০। বর্ষাকালে পানিবাহিত রোগের প্রকোপ বাড়ায় হাসপাতালে রোগীর চাপও বেড়েছে।
মঙ্গলবার ১০০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, পুরুষ ও মহিলা ওয়ার্ডে ৫০টি শয্যা থাকলেও রোগীর সংখ্যা বেশি হওয়ায় অনেককে মেঝেতে চিকিৎসা নিতে হচ্ছে। ভর্তি রোগীদের অধিকাংশই ডায়রিয়ায় আক্রান্ত। এ ছাড়া পেটব্যথা, জ্বর, সর্দি-কাশিসহ বিভিন্ন রোগে আক্রান্ত রোগীরাও চিকিৎসা নিচ্ছেন। বর্তমানে হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত একজন রোগীও ভর্তি রয়েছেন।
হাসপাতালের নার্স ইনচার্জ নুরানি আক্তার জানান, ১ থেকে ১৪ জুলাই পর্যন্ত ডায়রিয়ায় আক্রান্ত হয়ে প্রায় ১০০ রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে ৫০ জন ডায়রিয়া রোগী চিকিৎসাধীন রয়েছেন। একই সময়ে বিভিন্ন রোগে আক্রান্ত প্রায় ৩০০ রোগী হাসপাতালে ভর্তি হলেও অনেকেই চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন।
আবাসিক মেডিক্যাল কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা: আবু রায়হান বলেন, বর্ষা ও অতিবৃষ্টির কারণে অনেক এলাকায় বিশুদ্ধ পানির সঙ্কট দেখা দিয়েছে। দূষিত পানি ব্যবহারের ফলে ডায়রিয়ার প্রকোপ বেড়েছে। তবে দ্রুত চিকিৎসা শুরু করলে বেশির ভাগ রোগী তিন দিনের মধ্যে সুস্থ হয়ে ওঠেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আব্দুল্লাহ আল মামুন বলেন, বর্ষাকালে পানিবাহিত রোগের প্রকোপ বৃদ্ধি পেলেও হাসপাতালে প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসাসামগ্রী রয়েছে। চিকিৎসক ও নার্সরা রোগীদের সার্বক্ষণিক সেবা দিচ্ছেন এবং পরিস্থিতি মোকাবেলায় স্বাস্থ্য বিভাগ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।
স্বাস্থ্য বিভাগ বিশুদ্ধ পানি পান, খাবার ভালোভাবে রান্না ও সংরক্ষণ এবং ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখার মাধ্যমে ডায়রিয়াসহ পানিবাহিত রোগ প্রতিরোধে সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়েছে।



