প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সাথে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

Printed Edition
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. এ কে এম শামছুল ইসলামের সাথে বৈঠকে রাষ্ট্রদূত কিম জি জুন
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. এ কে এম শামছুল ইসলামের সাথে বৈঠকে রাষ্ট্রদূত কিম জি জুন

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এ কে এম শামছুল ইসলামের সাথে বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত কম জি জুন সৌজন্য সাক্ষাৎ করেন। গতকাল মঙ্গলবার দুপুরে ঢাকা সেনানিবাসের সশস্ত্র বাহিনী বিভাগে প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে প্রতিরক্ষা উপদেষ্টা এবং দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পারস্পরিক কুশলাদি বিনিময় করেন এবং বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যকার বিদ্যমান দীর্ঘ দিনের সৌহার্দ্যপূর্ণ ও চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্কের কথা স্মরণ করেন। সৌহার্দ্যপূর্ণ এই আলোচনায় বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সার্বিক আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধিতে দক্ষিণ কোরিয়ার সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্রসমূহ নিয়ে বিস্তারিত মতবিনিময় হয়।

আলোচনায় সামরিক সরঞ্জাম, প্রতিরক্ষা প্রযুক্তি আদান-প্রদান, নৌ-জাহাজ নির্মাণ (শিপবিল্ডিং), যৌথ প্রশিক্ষণ এবং উচ্চতর সামরিক শিক্ষায় সহযোগিতা জোরদারের বিষয়ে উভয় পক্ষ ইতিবাচক মনোভাব ব্যক্ত করেন। দুই দেশের মধ্যে বিদ্যমান প্রতিরক্ষা ও কূটনৈতিক সম্পর্ককে নতুন উচ্চতায় উন্নীত করার বিষয়ে আলোচনা হয়। বৈঠকে উভয়ে আশা প্রকাশ করেন দ্বিপক্ষীয় উদ্যোগের মাধ্যমে আগামী দিনগুলোতে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং প্রতিরক্ষা সহযোগিতা আরো জোরদার ও সুসংহত হবে। বিজ্ঞপ্তি।