দুদকের চেয়ারম্যান ও কমিশনার নিয়োগে সার্চ কমিটির প্রথম বৈঠক

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ও কমিশনার নিয়োগের উদ্দেশ্যে গঠিত সার্চ কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেলে সুপ্রিম কোর্টে ওই বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে জনসংযোগ কর্মকর্তা শফিকুল ইসলাম বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন।

আপিল বিভাগের বিচারপতি ও সার্চ কমিটির সভাপতি মো: রেজাউল হক বৈঠকের সভাপতিত্ব করেন।

গত ২২ জুন দুদকের চেয়ারম্যান ও কমিশনার নিয়োগে আপিল বিভাগের বিচারপতি মো: রেজাউল হককে সভাপতি করে সার্চ কমিটি গঠন করা হয়। নিয়ম অনুযায়ী সার্চ কমিটির সুপারিশের ভিত্তিতে রাষ্ট্রপতি চূড়ান্ত নিয়োগ দেবেন।

সার্চ কমিটির সদস্য হিসেবে রয়েছেন হাইকোর্ট বিভাগের বিচারপতি রাজিক আল জলিল, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি), সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান এবং মন্ত্রিপরিষদ সচিব।

এ দিকে নতুন কমিশনে চেয়ারম্যান ও কমিশনার পদে ৩ মাস ধরেই সাবেক কয়েকজন আমলা ও বিচারকের নাম আলোচিত হচ্ছে। যদিও সার্চ কমিটি প্রতিটি পদের বিপরীতে দু’টি করে নাম সুপারিশ করবে। সেখান থেকে রাষ্ট্রপতি তিনজনকে নিয়োগ দেবেন।

বিভিন্ন সূত্রে পাওয়া তথ্যানুসারে, চেয়ারম্যান ও কমিশনার হিসেবে সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে ঢাকার বিশেষ জজ আদালত-৩ এর সাবেক বিচারক মোতাহার হোসেনের নাম। এ ছাড়া সাবেক বিচারপতি আসাদুজ্জামান ও সাবেক জেলা জজ রুহুল থকুদ্দুসের নামও আলোচিত হচ্ছে। অন্য দিকে অবসরপ্রাপ্ত সাবেক সচিব আবদুস সবুর, সাবেক অতিরিক্ত সচিব তাহসিনুর রহমান, ফাইনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের (এফআরসি) চেয়ারম্যান ড. মো: সাজ্জাদ হোসেনের নামও শোনা যাচ্ছে। এমনকি প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তারের নামও আলোচিত হচ্ছে। আলোচনায় আরো এসেছে সাবেক যুগ্ম জেলা ও দায়রা জজ খন্দকার আবুল হোসেনের নামও। এ ছাড়া দুদকের সাবেক মহাপরিচালক (ডিজি) প্রশাসন ক্যাডারের মুনীর চৌধুরীর নামও এসেছে।