নয়া দিগন্ত ডেস্ক
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু বলেছেন, চলমান প্রকল্পগুলো সরকারের ইশতিহারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে পরিমার্জন করা হবে। একই সঙ্গে নতুন প্রকল্প দ্রুত গ্রহণ করা হবে, যাতে বর্তমান সরকারের মেয়াদেই এর সুফল জনগণ দেখতে পারে।
গতকাল সোমবার পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সভাকক্ষে ২০২৬-২৭ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতাধীন চলমান ও অননুমোদিত নতুন প্রকল্প পর্যালোচনা বিষয়ক আন্তঃমন্ত্রণালয় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে প্রকল্প গ্রহণ করা হবে এবং সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নে মন্ত্রণালয় অঙ্গীকারাবদ্ধ।
সভায় বিশেষ অতিথির বক্তব্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী নিয়মিত প্রকল্পগুলোর অগ্রগতি পর্যবেক্ষণ করছেন। জনগণের সর্বোচ্চ কল্যাণ নিশ্চিত করেই নতুন প্রকল্প গ্রহণ করতে হবে।
পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় সব মন্ত্রণালয়ের প্রকল্প পর্যালোচনা করা হচ্ছে। চলতি বছর সর্বাধিক সংখ্যক প্রকল্প হাতে নেওয়ার পরিকল্পনা রয়েছে, যাতে সেগুলো বর্তমান সরকারের মেয়াদেই বাস্তবায়ন করা সম্ভব হয়।
সভায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম, প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী ড. মো. সাইমুম পারভেজ, পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) মো. মাহমুদুল হোসাইন খান ও ড. মনজুর হোসেন, মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সংস্থার প্রধান এবং প্রকল্প পরিচালকেরা উপস্থিত ছিলেন।



