এনডিটিভি
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি ও ভিডিও বিকৃত করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের অভিযোগে মেটা ইন্ডিয়ার শীর্ষ কর্মকর্তা অরুণ শ্রীনিবাসসহ একাধিক ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের বিরুদ্ধে মামলা করা হয়েছে। হায়দরাবাদ সাইবার ক্রাইম পুলিশ এই মামলা নথিভুক্ত করে তদন্ত শুরু করেছে।
ককরোচ জনতা পার্টির (সিজিপি) সাম্প্রতিক আন্দোলনের সময় ফেসবুকে ছড়িয়ে পড়া বিভিন্ন বিভ্রান্তিকর ও আপত্তিকর ফুটেজের ভিত্তিতে এই আইনি পদক্ষেপ নেয়া হয়। সাইবার অপরাধ দমন বিভাগ জানায়, সাধারণ নাগরিকদের দেয়া অভিযোগের ভিত্তিতে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগে বলা হয়েছে, সামাজিক প্ল্যাটফর্মে সচল কিছুু ছবি ও ভিডিওতে ভারতের প্রধানমন্ত্রীকে অত্যন্ত আপত্তিকর ও অসৌজন্যমূলকভাবে উপস্থাপন করা হয়েছে। প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বা আধুনিক ডিজিটাল প্রযুক্তির ব্যবহারে এসব চিত্র পরিবর্তন করা হয়ে থাকতে পারে।
তেলেঙ্গানা রাজ্যের বিজেপি কর্মী টি সাইকিরণ গৌড় এবং স্থানীয় ব্যবসায়ী এস অরবিন্দ রেড্ডি পৃথকভাবে এই অভিযোগ দু’টি করেন। সামাজিক নেটওয়ার্কে বার্তা আদান-প্রদানের সময় উসকানিমূলক এসব কনটেন্ট নজরে এলে তারা আইন প্রয়োগকারী সংস্থার দ্বারস্থ হন। অভিযোগকারীদের মতে, প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে যুক্ত করা এসব কুরুচিকর মন্তব্য জনমনে অসন্তোষ সৃষ্টি করতে পারে। এ জাতীয় বিভ্রান্তিকর প্রচারণা সমাজে ভুল তথ্য ছড়িয়ে পড়া, বিদ্বেষ তৈরি হওয়া এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির কারণ হতে পারে বলে তারা দাবি করেন। হায়দরাবাদের পাশাপাশি দেশটির রাজধানী দিল্লিতেও অনুরূপ ঘটনার প্রেক্ষাপটে প্রশাসনিক তৎপরতা দেখা গেছে।



