বিশেষ সংবাদদাতা
এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) নাম, লোগো এবং কর্মকর্তাদের পরিচয় ব্যবহার করে ভুয়া ঋণ দেয়ার প্রলোভন দেখিয়ে অর্থ আদায়ের এক চক্রের ব্যাপারে জনসাধারণকে সতর্ক করেছে এডিবি। সোমবার ঢাকায় প্রেরিত এক বিশেষ সতর্কবার্তায় সংস্থাটি এই তথ্য নিশ্চিত করেছে। এডিবি স্পষ্ট করে জানিয়েছে, তারা কখনোই কোনো ব্যক্তিকে সরাসরি ঋণ, অনুদান বা অন্য কোনো ধরনের আর্থিক সহায়তা প্রদান করে না।
সাম্প্রতিক তথ্যের বরাত দিয়ে এডিবি জানায়, প্রতারকরা এডিবি ও এর কর্মকর্তাদের পরিচয় ব্যবহার করে নকল ওয়েবসাইট, ভুয়া ফেসবুক পেজ, জাল পরিচয়পত্র এবং অন্যান্য প্রতারণামূলক উপকরণ তৈরি করছে। এসবের মাধ্যমে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে মোবাইল ব্যাংকিং বা অন্য কোনো মাধ্যমে অর্থ আদায়ের চেষ্টা করা হচ্ছে। এডিবি জোর দিয়ে বলেছে যে, এ ধরনের কোনো কর্মকাণ্ডের সাথে তাদের বিন্দুমাত্র সম্পৃক্ততা নেই।
বাংলাদেশের দীর্ঘ দিনের উন্নয়ন অংশীদার হিসেবে এডিবি মূলত স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রক্রিয়ার মাধ্যমে কাজ করে। সংস্থাটি ব্যক্তি পর্যায়ে কোনো লেনদেন করে না। বরং বাংলাদেশ সরকার এবং বেসরকারি খাতের বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে কাজ করে। কোনো ব্যক্তির কাছে আর্থিক সহায়তার বিনিময়ে সংস্থাটি ব্যক্তিগত আর্থিক তথ্য চায় না এবং মোবাইল ব্যাংকিং বা অন্য কোনো মাধ্যমে অর্থ জমা দেয়ার অনুরোধ করে না।
এডিবির প্রতিনিধি পরিচয় দিয়ে কেউ যদি সরাসরি ব্যক্তি পর্যায়ে ঋণ বা আর্থিক সহায়তার প্রস্তাব দেয়, তবে সেটি নিশ্চিতভাবেই প্রতারণা। এ ধরনের যোগাযোগে কোনো সাড়া না দিয়ে অবিলম্বে বিষয়টি সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী কর্তৃপক্ষকে জানানোর জন্য জোরালোভাবে অনুরোধ করা হয়েছে। এ ধরনের প্রতারণা এড়িয়ে চলার প্রাতিষ্ঠানিক পরামর্শ ও বিস্তারিত জানতে এডিবির অফিসিয়াল সতর্কবার্তা ও পরামর্শসমূহ দেখার আহ্বান জানানো হয়েছে।



