প্রথম বলে উইকেট পেয়ে তাসকিনের কীর্তি

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

অস্ট্রেলিয়ার ইনিংস শুরু হতে না হতেই ইতিহাসের পাতায় নাম লিখিয়ে লিখিয়েছেন তাসকিন আহমেদ। ম্যাচের প্রথম বলেই ম্যাথু শর্টকে ফিরিয়ে দিয়ে প্রায় ১৭ বছর পর ওয়ানডে ক্রিকেটে কোনো বাংলাদেশী বোলার ইনিংসের প্রথম বলে উইকেট শিকারের কীর্তি গড়লেন।

বাংলাদেশের ২৮৪ রানের জবাবে ব্যাট করতে নেমে প্রথম বলেই ধাক্কা খায় অস্ট্রেলিয়া। ইনিংসের সূচনায় হার্ড লেন্থে করা তাসকিনের বলটি সিমে পড়ে ভেতরের দিকে ঢুকে যায়। ব্যাকফুটে খেলার চেষ্টা করেন ম্যাথু শর্ট। কিন্তু বলের গতি ও মুভমেন্ট বুঝতে না পেরে পরাস্ত হন তিনি। ফলে প্রথম বলেই সাজঘরে ফিরতে হয় অস্ট্রেলিয়ান ওপেনারকে।

তাসকিনের দীর্ঘ ওয়ানডে ক্যারিয়ারে এটি প্রথমবার উদ্বোধনী বলে উইকেট পাওয়ার ঘটনা। প্রায় এক যুগ ধরে আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেট খেললেও এর আগে এমন সাফল্যের দেখা পাননি তিনি। অভিষেক ম্যাচেই পাঁচ উইকেট নেয়া এই পেসার এবার অধরা রেকর্ডেই নাম লেখালেন।

ওয়ানডেতে ইনিংসের প্রথম বলে উইকেট নেয়া বাংলাদেশী বোলারদের তালিকায় তাসকিন চতুর্থ। ১৯৯৫ সালে সর্বপ্রথম শ্রীলঙ্কার বিপক্ষে এই কীর্তি গড়েছিলেন সাইফুল ইসলাম। এরপর ২০০৬ সালে সৈয়দ রাসেল এবং ২০০৯ সালে মাহবুবুল আলমও ম্যাচের প্রথম বলে উইকেট পেয়েছিলেন। সেই সাফল্যের পর দীর্ঘ ৬১৫৭ দিন আর কোনো বাংলাদেশী বোলার ওয়ানডেতে ইনিংসের প্রথম বলে উইকেট নিতে পারেননি। সেই অপেক্ষার অবসান ঘটালেন তাসকিন।

ওয়ানডেতে এটি তার প্রথম কীর্তি হলেও টি-২০ ক্রিকেটে ইনিংসের প্রথম বলে উইকেট নেয়ার অভিজ্ঞতা আছে তাসকিনের। ২০২২ সালে নেদারল্যান্ডস এবং ২০২৩ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচের প্রথম বলেই উইকেট তুলে নিয়েছিলেন এই ডানহাতি পেসার। এবার সেই তালিকায় যোগ হলো ওয়ানডে ক্রিকেটও।