আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা
বগুড়ার আদমদীঘিতে অনিয়মের অভিযোগে সিলগালা করা বিএডিসির সার ডিলার মেসার্স কাসেম এন্টারপ্রাইজের গুদাম ২৫ দিন পর খুলে দেয়া হয়েছে। প্রভাবশালী মহলের চাপে গুদামটি খুলে দেয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে গুদাম খুলে দেয়া এবং প্রতিষ্ঠানটিকে নিয়মিত সার বরাদ্দ দেয়া হয়েছে। এর আগে একই প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগে লাইসেন্স বাতিলের ঘটনা ঘটে। একের পর এক অভিযোগের পরও কার্যকর ব্যবস্থা না নেয়ায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছিল।
জানা যায়, গত ১৮ জুলাই কেশরতা গ্রামের এক কৃষক শতাধিক বস্তা সারবোঝাই দুইটি ভটভটি দেখে সন্দেহ প্রকাশ করেন। পরে জানা যায়, সারগুলো কুন্দুগ্রামের কড়ইহাট এলাকার কাসেম এন্টারপ্রাইজ থেকে উপজেলা সদরের খন্দকার ট্রেডার্সে নেয়া হচ্ছিল। অভিযোগ পাওয়ার পরও তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হয়নি। পরে ডিলার এম এ কাশেম সারগুলোর মালিকানা স্বীকার করেন। পরদিন ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে অভিযোগের সত্যতা পাওয়ায় কাসেম এন্টারপ্রাইজকে ১৫ হাজার টাকা জরিমানা এবং গুদাম সিলগালা করেন। অভিযোগ রয়েছে, এরপর গুদাম খুলতে বিভিন্ন মহলে তদবির করা হয়। উপজেলা কৃষি কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, মুচলেকা নিয়ে গুদাম খুলে দেয়া হয়েছে। অনিয়মের অভিযোগের বিষয়ে প্রতিবেদন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানোএবং তাদের সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।



