উত্তরাঞ্চলের কৃষি পুনঃঅর্থায়ন স্কিমে বাংলাদেশ ব্যাংকের সাথে রূপালী ব্যাংকের চুক্তি

Printed Edition

উত্তরবঙ্গের কৃষিভিত্তিক অর্থনীতিকে আরো শক্তিশালী ও গতিশীল করতে বাংলাদেশ ব্যাংকের তিন হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে অংশগ্রহণ করেছে রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি। এ স্কিমের আওতায় রাজশাহী ও রংপুর বিভাগের জেলাগুলোতে কৃষিভিত্তিক বিশেষ অর্থনৈতিক কেন্দ্র গড়ে তোলা এবং কৃষিপণ্যের উৎপাদন, সংরক্ষণ, পরিবহন, বাজারজাত, প্রক্রিয়াজাত, মূল্য সংযোজন ও রফতানি সম্প্রসারণে অর্থায়ন করা হবে। এ লক্ষ্যে সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে বাংলাদেশ ব্যাংকের কৃষি ঋণ বিভাগ-২ (এসিডি-২) ও রূপালী ব্যাংক পিএলসি-এর মধ্যে একটি অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো: কবির আহম্মদ। রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো: ওয়াহিদুল ইসলাম এবং বাংলাদেশ ব্যাংকের পরিচালক (এসিডি-২) এ.কে.এম. সাইদুজ্জামান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান। এ ছাড়া রূপালী ব্যাংকের কৃষি, পল্লী ও মাইক্রোক্রেডিট বিভাগের উপমহাব্যবস্থাপক আব্দুল বারাকাতসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।