বৃত্তি পেলেন ৫ চিকিৎসক

বিএমইউতে ইমার্জেন্সি মেডিসিনে এমডি কোর্স চালু

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) এ বছর প্রথমবারের মতো ইমার্জেন্সি মেডিসিনে এমডি কোর্স চালু হয়েছে। এর আগে বাংলাদেশে এ বিষয়ে কোনো উচ্চতর ডিগ্রি ছিল না। ফলে মেডিসিন, নিউরোলজিসহ অন্যান্য বিভাগের চিকিৎসকরাই জরুরি রোগী ব্যবস্থাপনার দায়িত্ব পালন করে আসছিলেন। বিশেষজ্ঞরা মনে করেন, এই বিভাগে উচ্চতর ডিগ্রিধারী চিকিৎসকরা দায়িত্বে এলে ইমার্জেন্সিতেই সঠিক চিকিৎসা নিশ্চিত হবে এবং আরো অনেক প্রাণ রক্ষা ও পঙ্গুত্ব প্রতিরোধ সম্ভব হবে।

কোর্সটির পাঠ্যক্রম যুক্তরাজ্যের রয়্যাল কলেজ অব ইমার্জেন্সি মেডিসিনের সাথে সামঞ্জস্য রেখে বাংলাদেশের উপযোগী করে প্রণয়ন করা হয়েছে। পরবর্তীতে অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশী ইমার্জেন্সি মেডিসিন বিশেষজ্ঞরা অস্ট্রেলিয়ান কলেজ ফর ইমার্জেন্সি মেডিসিন এবং মোনাশ বিশ্ববিদ্যালয়ের সাথে সহযোগিতার উদ্যোগ নেন। এরই ধারাবাহিকতায় চলতি বছরের ২৮ মার্চ মোনাশ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকমণ্ডলীর অংশগ্রহণে বিএমইউতে আনুষ্ঠানিকভাবে কোর্সটি শুরু হয়। এতে নেতৃত্ব দেন ওয়েস্টার্ন সিডনি লোকাল হেলথ ডিস্ট্রিক্টের সিনিয়র স্টাফ স্পেশালিস্ট (ইমার্জেন্সি মেডিসিন) ডা: রেজা আলী।

সম্প্রতি মোনাশ বিশ্ববিদ্যালয়ের আলফ্রেড ইমার্জেন্সি অ্যাকাডেমিক সেন্টারের এডুকেশন ইভেন্ট ও প্রজেক্ট ম্যানেজার অ্যান মারি ইমেইলে বিএমইউকে বৃত্তি প্রদানের বিষয়টি নিশ্চিত করেন। বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ডা: মো: শাহীনুল আলম জানান, ইমার্জেন্সি মেডিসিনের ফেজ ‘এ’-তে ভর্তি হওয়া পাঁচজন রেসিডেন্ট চিকিৎসক এই বৃত্তি পেয়েছেন। তারা হলেন- ডা: মাহবুব ই মায়ীন, ডা: সালেহ মনির রাজী, ডা: কানিজ মাহমুদা আক্তার, ডা: সাইফুল আল মামুন এবং ডা: সোহেল রানা।

বিশ্ববিদ্যালয় এখন ফেজ ‘বি’ বাস্তবায়নে কাজ করছে। এই পর্যায়ে তৃতীয় বর্ষে অস্ট্রেলিয়ায় এক বছরের প্রশিক্ষণের সুযোগ রাখা হবে এবং শ্রীলঙ্কার মতো অস্ট্রেলিয়ান কলেজ ফর ইমার্জেন্সি মেডিসিনের আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ লক্ষ্যে ইতোমধ্যে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞ দল বিএমইউ পরিদর্শন করে গেছেন। দলে ছিলেন- ওয়েস্টার্ন সিডনি লোকাল হেলথ ডিস্ট্রিক্টের ডা: রেজা আলী, ডা: জান্নাতুন নাঈম, ডা: শায়লা ইসলাম এবং নিপিয়ান ও ব্লু মাউন্টেন লোকাল হেলথ ডিস্ট্রিক্টের ডা: মমতাজ রাফি।