চৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদদাতা
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ডা: সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের বলেছেন, সন্ত্রাসীরা আসলে খুবই দুর্বল। ভারতীয় আতশবাজিকে ভয় পাওয়ার কিছু নেই। ভোটকেন্দ্র দখল করতে আসলে যেকোনো মূল্যে সন্ত্রাসীদের প্রতিহত করতে হবে। তিনি বলেন, বর্তমানে দেশে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের গণজোয়ার বইছে। এই জোয়ারকে সফল করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
রোববার বিকেলে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়নের পায়েরখোলা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডা: তাহের আরো বলেন, ‘দাঁড়িপাল্লার প্রার্থীরা নির্বাচিত হলে দেশে উন্নয়নের ব্যাপক কর্মযজ্ঞ শুরু হবে। তাই ভোটের দিন নির্ভয়ে কেন্দ্রে গিয়ে সবাইকে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানাচ্ছি।’
জনতা ব্যাংকের অবসরপ্রাপ্ত ম্যানেজার মো: সেলিমের সভাপতিত্বে ও ইউনিয়ন জামায়াতের সহকারী সেক্রেটারি রকির সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির মাহফুজুর রহমান, ইউনিয়ন ব্যাংকের সাবেক এমডি সৈয়দ আবদুল্লাহ মো: সালেহ এবং হাব-এর সাবেক প্রেসিডেন্ট সৈয়দ গোলাম সারোয়ার।
জনসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের সাবেক আমির ভিপি মো: সাহাব উদ্দিন, সেক্রেটারি মো: বেলাল হোসাইন, বাংলাদেশ খেলাফত মজলিসের উপজেলা আমির মাওলানা মো: শাহজালাল, ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের কর্মপরিষদ সদস্য আইয়ুব আলী ফরায়েজী প্রমুখ। এ ছাড়া এনসিপির উপজেলা সমন্বয়ক মামুন মজুমদার ও সনাতন ধর্মাবলম্বী নেতা দুলাল কর্মকারসহ স্থানীয় জোট নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ দিকে রোববার সন্ধ্যায় ডা: সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের কনকাপৈত ইউনিয়নের হিংগুলা উচ্চ বিদ্যালয় মাঠে অপর একটি নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা হাসান মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি মজিবুর রহমান ভূঁইয়াসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। উভয় জনসভায় জামায়াত-শিবির ও ১১-দলীয় জোটের বিপুল সংখ্যক নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


