নয়া দিগন্ত ডেস্ক
পৃথক সড়ক দুর্ঘটনায় দেশের চার জেলায় এক পুলিশ সদস্যসহ পাঁচজন নিহত ও কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন।
গাইবান্ধা প্রতিনিধি জানান, গাইবান্ধার পলাশবাড়ী ও সাদুল্লাপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল-আরোহী ও মাইক্রোবাস চালকসহ দুজন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আরো দুইজন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা থেকে ১০টার মধ্যে দুর্ঘটনা দু’টি ঘটে। জেলার সাদুল্লাপুরে ছেলেকে মোটরসাইকেলে করে স্কুলে পৌঁছে দিতে গিয়ে বাসের ধাক্কায় গোলাম রব্বানী নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, গাইবান্ধা সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়নের শিবপুর এলাকার বাসিন্দা গোলাম রব্বানী তার শিশুসন্তানকে নিয়ে মোটরসাইকেলে করে সাদুল্লাপুরে যাচ্ছিলেন। পথে নলডাঙ্গা থেকে আসা ফাতেমা পরিবহনের একটি বাসের ধাক্কায় মোটরসাইকেলটি ছিটকে যায়। এতে ঘটনাস্থলেই গোলাম রব্বানী নিহত হন। মোটরসাইকেলের অপর যাত্রী তার ছেলে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অন্য দিকে, সকাল ১০টার দিকে জেলার পলাশবাড়ী উপজেলার সাকোয়া সেতু-সংলগ্ন মাঝিপাড়া এলাকায় বাসের সাথে মাইক্রোবাসের সংঘর্ষে মাইক্রোবাসচালক মাসুদ রানা নিহত হয়েছেন।
স্থানীয়রা জানান, গাইবান্ধা থেকে যাত্রী নিয়ে আলহামরা পরিবহনের একটি বাস ঢাকার দিকে যাচ্ছিল। বাসটি সাকোয়া সেতু এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সাথে সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসচালক মাসুদ রানা ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় মাইক্রোবাসের অপর এক যাত্রী আহত হয়েছেন।
মাদারীপুর প্রতিনিধি জানান, মাদারীপুরে আসামি বহনকারী পুলিশের পিকআপ উল্টে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আসামিসহ ১০ জন। বৃহস্পতিবার দুপুর ৩টার দিকে সদর উপজেলার পখিরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত পুলিশ সদস্য আব্দুস সালাম শিবচরের ভদ্রাসন পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন।
আহতরা হলেন, সদর উপজেলার পখিরা গ্রামের ইব্রাহিম সরদার ও তার মেয়ে ইলমা এবং শিবচরের ভান্ডারিকান্দি গ্রামের রেজ্জেক চোকদারের ছেলে সুলতান চোকদার, একই গ্রামের রুবেল চোকদার, ফরিদপুরের ভাঙ্গার আব্দুল হালিমের ছেলে নুরুজ্জামান। আহত পুলিশ সদস্যরা হলেন, পুলিশ পরিদর্শক মোজাম্মেল হক, পুলিশ সদস্য শরিফুল ইসলাম, সোহেল, হাসান ও শামীম।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শিবচর থানায় দায়ের একটি ফৌজদারি মামলায় শহরের ইটেরপুল এলাকা থেকে গ্রেফতার করা হয় চার আসামিকে। শিবচরের ভদ্রাসন পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোজাম্মেল হকের নেতৃত্বে চালানো অভিযান শেষে শিবচর থানার দিকে ফিরছিল আসামি বহনকারী পুলিশের পিকআপ গাড়িটি। সদর উপজেলার পখিরা এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা রাস্তা পারাপার হওয়ায় পথচারী এক শিশু ও তার বাবাকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে পিকআপটি। এ সময় বেপরোয়া গতি থাকায় সড়কেই উল্টে যায় আসামি বহনকারী গাড়িটি। ঘটনাস্থলে পুলিশ সদস্য আব্দুস সালামের মৃত্যু হয়। আহত হয় চার আসামি, চার পুলিশ ও দুই পথচারী। তাদের উদ্ধার করে ভর্তি করা হয়েছে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে। অবস্থার অবনতি হলে আশঙ্কাজনক অবস্থায় সবাইকে পাঠানো হয়েছে ঢাকা মেডিক্যালে ও রাজারবাগ পুলিশ হাসপাতালে।
রাজবাড়ী প্রতিনিধি জানান, রাজবাড়ীর কালুখালীতে পাটবোঝাই ভ্যানের সাথে ধাক্কা লেগে চলন্ত ভ্যান থেকে পড়ে মো: সিরাজুল শেখ (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার এ দুর্ঘটনা ঘটে। নিহত ফরিদপুর চন্দ্রপাড়ার ওরসযাত্রী ছিল।
কালুখালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা এ তথ্য নিশ্চিত করে জানান, মৃত ব্যক্তির বাড়ী পাংশা থানায় তাই মামলা পাংশা থানায়ই হবে।
নিহত সিরাজুল শেখ রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের শাহমীরপুর গ্রামের শুকুর আলী শেখের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে শাহমীরপুর গ্রাম থেকে ৭-৮ জন ব্যক্তি একটি ভ্যানে করে ফরিদপুরের চন্দ্রপাড়া দরবারে ওরস শরীফে যাওয়ার উদ্দেশ্যে রওনা হন। তাদের কালুখালী বাসস্ট্যান্ডে পৌঁছে সেখান থেকে বাসযোগে চন্দ্রপাড়া দরবার শরীফে যাওয়ার কথা ছিল।
পথে সকাল আনুমানিক ১১টার দিকে কালুখালীর হরিনবাড়িয়া এলাকায় পৌঁছালে তাদের বহনকারী ভ্যানটির সাথে অপর একটি পাটবোঝাই ভ্যানের ধাক্কা লাগে। এতে ভ্যানে থাকা সিরাজুল ছিটকে পড়ে যান। এ সময় তিনি মাথায় গুরুতর আঘাত পান।
দুর্ঘটনার পর দ্রুত তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য চিকিৎসকরা তাকে ঢাকায় নেয়ার পথে ফরিদপুরেই দুপুর সাড়ে ১২টার পর সিরাজুলের মৃত্যু হয় বলে পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে।
গাইবান্ধা প্রতিনিধি জানান, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় বাসের চাকায় পিষ্ট হয়ে গোলাম রব্বানী (৩৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরাবী (১২) নামের একজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার সকাল সোয়া ৯টায় উপজেলা সদরের পশ্চিমপাড়ায় সাদুল্লাপুর-মাদরারগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত গোলাম রব্বানী গাইবান্ধা সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়নের বিষ্ণপুর গ্রামের জিন্নাহ মিয়ার ছেলে। তিনি সাদুল্লাপুর সরকারি কলেজের হিসাবরক্ষক পদে কর্মরত ছিলেন। পরিবারসহ তিনি সাদুল্লাপুর উপজেলা সদরে বাসা ভাড়া নিয়ে বসবাস করতেন।
আহত আরাবী নিহত গোলাম রব্বানীর ছেলে এবং স্থানীয় এক মাদরাসার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী। তাকে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকাল ৯টার দিকে গোলাম রব্বানী তার ছেলে আরাবীকে সাথে নিয়ে বাড়ি থেকে মোটরসাইকেলযোগে উপজেলা সদরের পশ্চিমপাড়াস্থ একটি মাদরাসায় নিয়ে যাচ্ছিলেন। পথে ওই এলাকায় বিপরীতমুখী ঢাকাগামী একটি বাস মোটরসাইকেলটি ধাক্কা দেয়। এতে তিনি ও তার ছেলে সড়কে ছিটকে পড়েন। পরে বাসটির চাকা তার মাথার ওপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই তিনি মারা যান এবং ছেলে আরাবী আহত হয়।



