তারেক রহমানের ভারত সফর নিয়ে সিদ্ধান্ত সময়ই জানাবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

Printed Edition

কূটনৈতিক প্রতিবেদক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে এখনই কোনো সিদ্ধান্ত জানানো সম্ভব নয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি বলেন, সফরের বিষয়ে ‘সময়ই বলে দেবে’। একই সাথে তিনি জানান, বাংলাদেশ জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে ভারত, চীনসহ সব দেশের সাথে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখবে। গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শামা ওবায়েদ এসব কথা বলেন।

আগামী সেপ্টেম্বরে দিল্লিতে অনুষ্ঠিতব্য ব্রিকস শীর্ষ সম্মেলনের ‘আউটরিচ’ পর্বে অতিথি হিসেবে যোগ দিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন। এর আগে ফেব্রুয়ারিতে সরকার গঠনের পরও প্রধানমন্ত্রীকে সপরিবারে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছিলেন তিনি।

আগামী ৫ আগস্ট দিল্লিতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য রাজনৈতিক বক্তব্যের আয়োজন প্রধানমন্ত্রীর ভারত সফরে কোনো প্রভাব ফেলতে পারে কি না- এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘সেটা সময়ই বলে দেবে।’ তিনি বলেন, প্রধানমন্ত্রী দায়িত্ব গ্রহণের পর থেকেই ভারতের প্রধানমন্ত্রীর আমন্ত্রণ রয়েছে। এখন আবার ব্রিকসের পক্ষ থেকেও আমন্ত্রণ এসেছে। তবে প্রধানমন্ত্রীর সময়সূচি ও রাষ্ট্রীয় প্রয়োজন বিবেচনায় যথাসময়ে সফর বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

তারেক রহমানকে ব্রিকস শীর্ষ সম্মেলনের আউটরিচে বিমসটেকের বর্তমান সভাপতি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে এবং ওই আমন্ত্রণপত্রে তাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে সম্বোধন করা হয়নি- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে শামা ওবায়েদ বলেন, ‘এটা আলোচনার কোনো বিষয় নয়।’

ভারতের সংসদীয় কমিটির এক প্রতিবেদনে বাংলাদেশ-চীন সম্পর্ক নিয়ে উদ্বেগ প্রকাশের প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম দেশ। জাতীয় স্বার্থ অক্ষুণœ রেখে সব দেশের সাথে সম্পর্ক এগিয়ে নেয়াই সরকারের নীতি।

তিনি বলেন, বাংলাদেশ ভারত, চীনসহ সব দেশের সাথে যোগাযোগ, দ্বিপক্ষীয় সম্পর্ক ও বাণিজ্যিক সহযোগিতা বজায় রাখতে চায়। একই সাথে দেশের মানুষের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিদেশী বিনিয়োগ আকৃষ্ট করতেও সরকার কাজ করছে।