মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা
মিরসরাই প্রেস ক্লাবের দ্বিবার্ষিক সাধারণ সভা ও প্রীতি সম্মিলন অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার সকালে উপজেলার মহামায়া হান্ডি একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত সাধারণ সভার প্রথম অধিবেশনে ভোটারদের প্রত্যক্ষ ভোটে ২০২৬-২০২৮ মেয়াদের জন্য প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নির্বাচিত হন এম মাঈন উদ্দিন, কোষাধ্যক্ষ নির্বাচিত হন শিহাব উদ্দিন শিবলু। এর আগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হন আবু সাঈদ ভূঁইয়া।
ক্লাবের সদস্য হাফেজ জাবেদুল ইসলামের কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয়। সাধারণ সভায় প্রেস ক্লাবের আহ্বায়ক এনায়েত হোসেন মিঠুর সভাপতিত্বে ও সদস্য মুহাম্মদ দিদারুল আলম ভূঁইয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন ক্লাবের সাবেক সভাপতি নুরুল আলম।
দ্বিতীয় অধিবেশনে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের সংসদ সদস্য নুরুল আমিন। তিনি দল-মত, ধর্ম-বর্ণের উর্ধ্বে উঠে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা চর্চার আহ্বান জানান।
মিরসরাই প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য কামাল উদ্দিন বিটুর সভাপতিত্বে ও নব নির্বাচিত সাধারণ সম্পাদক এম মাঈন উদ্দিনের সঞ্চালনায় প্রধান আলোচকের বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার ও সিনিয়র সাংবাদিক মাহফুজুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ক্লিফটন গ্রুপের সিইও এমডিএম মহিউদ্দিন চৌধুরী, মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব গাজী নিজাম উদ্দিন, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক।



