আজ ঢাকায় আসছেন আইপিইউ মহাসচিব আন্ডা ফিলিপ

Printed Edition

সংসদ প্রতিবেদক

আন্তঃসংসদীয় ইউনিয়নের (আইপিইউ) সেক্রেটারি জেনারেল মিস আন্ডা ফিলিপ প্রতিনিধি দল নিয়ে আজ রোববার রাতে ঢাকায় আসছেন। বাংলাদেশ জাতীয় সংসদের সাথে আইপিইউর সহযোগিতা জোরদার এবং সংসদীয় কূটনীতির বিভিন্ন বিষয়ে আলোচনার প্রেক্ষাপটে তার এ সফরকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। আজ রাত ৮টা ৩০ মিনিটে আইপিইউ মহাসচিব ও তার প্রতিনিধি দল হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবেন বলে সংসদ সচিবালয় সূত্র নিশ্চিত করেছে।

সফরকালে বাংলাদেশের সংসদীয় কার্যক্রম, সংসদীয় গণতন্ত্রকে আরো শক্তিশালী করা এবং আন্তর্জাতিক অঙ্গনে আন্তঃসংসদীয় সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন বিষয় আলোচনায় আসতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

বিশ্বের জাতীয় সংসদ ও আইনসভাগুলোর আন্তর্জাতিক সংগঠন হিসেবে আইপিইউ সংসদীয় গণতন্ত্র, শান্তি, নিরাপত্তা, মানবাধিকার ও টেকসই উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে সদস্য দেশগুলোর মধ্যে সহযোগিতা ও সংলাপের সুযোগ তৈরি করে। বাংলাদেশের জাতীয় সংসদও দীর্ঘদিন ধরে আইপিইউর কার্যক্রমের সাথে সম্পৃক্ত।

আন্ডা ফিলিপের বাংলাদেশ সফর দুই পক্ষের বিদ্যমান সম্পর্ক আরো জোরদারের পাশাপাশি বাংলাদেশের সংসদীয় প্রতিষ্ঠান ও আন্তর্জাতিক সংসদীয় অঙ্গনের মধ্যে যোগাযোগ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।