এএফপি
ভেনিজুয়েলার বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা অস্থিতিশীল হয়ে পড়ায় দেশটিতে তেল উৎপাদন বাড়ানোর মার্কিন পরিকল্পনা হুমকির মুখে পড়েছে। এর মধ্যেই সোমবার ভেনিজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের সাথে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা।
সাত মাস আগে সামরিক অভিযানের মাধ্যমে ভেনিজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতাচ্যুত করার পর দেশটির দায়িত্ব নেন রদ্রিগেজ। বর্তমানে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তীব্র চাপের মধ্যে দেশ পরিচালনা করছেন। ট্রাম্প ভেনিজুয়েলার তেলশিল্পের নিয়ন্ত্রণ নেয়ার চেষ্টা করছেন।
ভেনিজুয়েলার প্রেসিডেন্টের কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, সোমবার রদ্রিগেজ যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক বিষয়ক আন্ডার সেক্রেটারি জনাথন গ্রিনস্টেইন এবং সন্ত্রাসবাদে অর্থায়ন ও আর্থিক অপরাধ বিষয়ক সহকারী মার্কিন অর্থমন্ত্রী জনাথন বার্কের সাথে বৈঠক করেন। বৈঠকে ‘জ্বালানি বাজারে স্থিতিশীলতা নিশ্চিত করা এবং আর্থিক ব্যবস্থাগুলো পুনরায় সচল করার’ বিষয়ে আলোচনা হয়েছে বলে প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে।
বিশ্বের সবচেয়ে বড় প্রমাণিত তেল মজুতের দেশ ভেনিজুয়েলা।



