বান্দরবান সীমান্তে মাইন বিস্ফোরণ, রোহিঙ্গা নাগরিক নিহত

Printed Edition

বান্দরবান প্রতিনিধি

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি রেজু আমতলী সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে আব্দুল খালেক নামে এক রোহিঙ্গা নাগরিক নিহত হয়েছেন। গতকাল সকাল সাড়ে ৮টার দিকে সীমান্তের ৩৯ ও ৪০ নং পিলারের মধ্যবর্তী স্থানে এই ঘটনা ঘটেছে। নিহত আব্দুল খালেক কক্সবাজারের উখিয়া কুতুপালং ১ নং রোহিঙ্গা শিবিরের মো: আনুর ছেলে। এ ঘটনার পর সীমান্ত এলাকায় বিজিবির টহল ও নিরাপত্তা বাড়ানো হয়েছে।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মোজাম্মেল হক জানিয়েছেন সকালে রেজু সীমান্তে একটি কলা বাগানে কাজ করতে গেলে সেখানে মাইন বিস্ফোরণ রোহিঙ্গা নাগরিক আব্দুল খালেক গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উখিয়া এমএফএফ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে। এ নিয়ে গত এক সপ্তাহের বেশি সময়ে মাইন বিস্ফোরণে নাইক্ষ্যংছড়ি সীমান্তে ছয়জন নিহতের ঘটনা ঘটল।