নিজস্ব প্রতিবেদক
‘জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে কার্যকর গণ-আন্দোলন গড়ে তোলাকে অগ্রাধিকার দেয়া উচিত’- এমন প্রস্তাব (মোশন) চূড়ান্ত পর্বে নাকচ হয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির আয়োজিত ‘৩৬ জুলাই জাতীয় বিতর্ক প্রতিযোগিতা-২০২৬’-এ। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে রুয়েট ডিবেটিং ক্লাব (আরইউইটি ডিসি)।
গতকাল রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
আয়োজকদের তথ্য অনুযায়ী, দেশের ১৬টি অঞ্চল থেকে বিশ্ববিদ্যালয় ও অনার্স সমমানের শিক্ষাপ্রতিষ্ঠানের ১০৪টি দল প্রতিযোগিতায় অংশ নেয়। আঞ্চলিক পর্ব শেষে ৩২টি দল জাতীয় পর্বে জায়গা করে নেয়। চারটি ট্যাব রাউন্ড, কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনাল শেষে ফাইনালে ওঠে দু’টি দল।



