নিকলী (কিশোরগঞ্জ) সংবাদদাতা
কিশোরগঞ্জের নিকলীর ছাতিরচর ইউনিয়নের ঘোড়াউত্রা নদী থেকে বালু উত্তোলনকে কেন্দ্র করে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে কাছুম আলী (৬৫) নামে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দু’জন। নিহত কাছুম আলী পূর্বপাড়া গ্রামের মনর উদ্দিনের ছেলে। গত শনিবার রাতে ছাতিরচর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ছাতিরচর দক্ষিণপাড়া গ্রামের জুম্মনের নেতৃত্বে একটি প্রভাবশালী চক্র নদীর সরফি কান্দা থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে আসছে।
এতে বাধা দেয় কাছুম আলীসহ স্থানীয় কয়েকজন। এর জেরে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে হাতাহাতি, ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের সময় প্রতিপক্ষের হামলায় কাছুম আলীর মৃত্যু হয়। আহত হন রমিজ মেম্বার ও হিরু মিয়া।
ইউনিয়ন পরিষদের দফাদার নাজমুল ইসলাম বলেন, অবৈধ বালু উত্তোলনে বাধা দেয়ায় তাদের ওপর হামলা হয়। দুই গ্রুপের মধ্যে একটি বহিষ্কৃত আর অপরটি মূল বিএনপির অংশ।
নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, ধাওয়া-পাল্টাধাওয়ার সময় কাছুম আলী অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি আরো জানান, লাশের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। লিখিত অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
গত কয়েক মাস যাবৎ স্থানীয় প্রশাসনকে ফাঁকি দিয়ে রাতে নিয়মিত উপজেলার বিভিন্ন পয়েন্টে অবৈধ বালু উত্তোলন করা হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে মাঝে মধ্যে মোবাইল কোর্ট পরিচালনা করা হলেও তা থামছে না।
স্থানীয়দের অভিযোগ, সংসদ সদস্য ও প্রশাসনকে ম্যানেজ করেই এসব হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন সরকারি কর্মকর্তা নয়া দিগন্তকে বলেন, অল্প জনবল নিয়ে মাঝরাতে অভিযান পরিচালনা ঝুঁকিপূর্ণ। তারপরও অভিযান চলছে।



