কক্সবাজার অফিস
কক্সবাজারের টেকনাফে পালিয়ে আসা মিয়ানমার বর্ডার গার্ড পুলিশ বিজিপি এবং মিয়ানমার পুলিশের তিন সদস্যকে আটক করেছে বিজিবি।
আটক এই তিনজনকে সোমবার রাত ১০টার দিকে টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে। মিয়ানমার পুলিশের এই তিন সদস্য রাখাইনের সশস্ত্র গোষ্ঠী আরকান আর্মি পরিচালিত একটি কারাগার থেকে কৌশলে পালিয়ে এসেছে বলে বিজিবির কাছে স্বীকার করেছে।
বিজিবির কক্সবাজার রিজিওনের একজন কর্মকর্তা জানিয়েছেন গত রোববার রাতে নাফ নদী অতিক্রম করে টেকনাফ পৌরসভার নাইট্যংপাড়া এলাকা দিয়ে মিয়ানমারের তিনজন রাখাইন নাগরিক অনুপ্রবেশের খবর পেয়ে বিজিবি সদস্যরা তাদের আটক করে হেফাজতে নেয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিজিবির কাছে তিনজন স্বীকার করেছে তারা রাখাইনের আরাকান আর্মি পরিচালিত একটি কারাগারে গত ফেব্রুয়ারি মাস থেকে বন্দী ছিল। কৌশলে তারা জেল থেকে পালিয়ে যায়। পরে তারা নাফ নদী অতিক্রম করে বাংলাদেশে পালিয়ে আসে। তিনজনের মধ্যে কাউ নাইং (৩৩) মিয়ানমার বর্ডার গার্ড পুলিশ বিজিপির সদস্য এবং হেই ডে (৩৫) ও থিং জ (৩৩) মিয়ানমার পুলিশের সদস্য।



