অনলাইন জুয়া সিন্ডিকেট চক্রের সদস্য গ্রেফতার

Printed Edition

ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) সংবাদদাতা

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে ভয়াবহ রূপ নেয়া অনলাইন জুয়া বা ক্যাসিনোর সাথে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে মোস্তাক মিয়া (৩৪) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গত রোববার দিবাগত গভীর রাতে উপজেলার আন্ধারীঝাড় ইউনিয়নের বীর বারুইটারির কাস্টমস মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সে ওই এলাকার আব্দুল মালেকের ছেলে।

স্থানীয়রা জানায়, উপজেলার আনাচে-কানাচে অনলাইন জুয়া মারাত্মকভাবে ছড়িয়ে পড়েছে। এর প্রলোভনে পড়ে তরুণ ও যুবকসহ খেটে খাওয়া প্রান্তিক মানুষ সর্বস্ব হারিয়ে নিঃস্ব হচ্ছেন। পুলিশ বারুইটারি গ্রামের কাস্টমস মোড়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে নগদ ২৯ হাজার টাকা, অনলাইন জুয়ার কাজে ব্যবহৃত পাঁচটি মোবাইল ফোন ও একটি ল্যাপটপ জব্দ করা হয়।